Views Bangladesh Logo

নিখোঁজের একদিন পর কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলের মরদেহ উদ্ধার

কুমিল্লার কোটবাড়ী এলাকা থেকে নিখোঁজ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীমের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পাশের একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

অপ্রতীমের বয়স ১৩ বছর। সে বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লা সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের কোটবাড়ী গন্ধমতি এলাকার বাসা থেকে হেঁটে বের হওয়ার পর নিখোঁজ হয় সে। এরপর আর বাসায় ফেরেনি।

এ ঘটনায় অপ্রতীমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি করেন। নিখোঁজের পর পরিবারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় খোঁজ নেওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে খুঁজে পেতে সহায়তার আহ্বান জানানো হয়।

ফেসবুকে দেওয়া এক পোস্টে অপ্রতীমের মা ড. নাহিদা বেগম জানান, বিকেল ৩টা থেকে তিনি ছেলেকে খুঁজে পাচ্ছিলেন না। তার পরনে ছিল একটি পাঞ্জাবি। বন্ধুদের সঙ্গে ছবি তুলতে সে মায়ের আইফোন নিয়ে বাসা থেকে বের হয়েছিল। পরে ফোনটিও বন্ধ পাওয়া যায়। ফোনের অবস্থান শনাক্ত করা যায়নি বলেও জানান তিনি।

ড. নাহিদা বেগম বলেন, অপ্রতীম বাসা থেকে বের হওয়ার সময় বাবাকে বলে বের হয়েছিল। সে দুই বছর বয়স থেকে কুমিল্লায় বড় হয়েছে এবং এলাকার সবকিছু ভালোভাবে চেনে। তাই এভাবে নিখোঁজ হওয়ার মতো ছেলে সে নয় বলে মনে করেন তিনি। রাত ১০টা পর্যন্ত অপেক্ষা করার পরও ছেলের কোনো সন্ধান না পেয়ে তার বন্ধুদের বাসায় খোঁজ নেওয়া হয়। পরে থানায় সাধারণ ডায়েরি করা হয়।

অপ্রতীমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ারও জানান, শুক্রবার বিকেল থেকে ছেলের সন্ধান পাওয়া যাচ্ছিল না। তিনি বলেন, বন্ধুদের সঙ্গে ছবি তুলতে আইফোন নিয়ে বের হয়েছিল অপ্রতীম। পরে আর বাসায় ফেরেনি।

কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রকিবুল হাসান জানান, অপ্রতীম নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছিল। তাকে খুঁজে বের করতে সম্ভাব্য বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। কিছু ফুটেজ সংগ্রহের কাজও চলছিল। সিসিটিভি ফুটেজে তাকে কয়েকটি দোকানে ঘোরাঘুরি করতে দেখা গেছে বলে জানান তিনি। তার সঙ্গে থাকা ফোনের নম্বরের সর্বশেষ অবস্থান কোথায় এবং কখন বন্ধ হয়েছে, সেটিও যাচাই করা হচ্ছিল।

এর মধ্যেই শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পাশের জঙ্গল থেকে অপ্রতীমের মরদেহ উদ্ধার করা হয়। মাথায় গুরুতর আঘাতের চিহ্ন থাকায় তার মৃত্যুর কারণ ও ঘটনাটির পেছনে কী ঘটেছিল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ