বেনাপোলে দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার
বেনাপোলে ভাড়া বাসা থেকে এক দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে বেনাপোলের বাহাদুর গ্রামের ওই ভাড়া বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করে বেনাপোল পোর্ট থানার সদস্যরা। নিহতরা হলেন মো. ইয়ামিন হোসেন (২৮) ও তার স্ত্রী তনু (২৪)।
পুলিশ জানিয়েছে, আজ সকালে বাসার ভিতর থেকে একটি শিশুর কান্না শুনতে পায় স্থানীয়রা। পরে তারা জানালা দিয়ে দম্পতির মৃতদেহ ঝুলতে দেখে।
জানা গেছে, নিহত ইয়ামিন পোলট্রি ব্যবসায়ী ছিলেন। ঋণ পরিশোধ করতে না পেরে নিজের বাড়ি বিক্রি করে এক সপ্তাহ আগে ভাড়া বাসায় থাকতে শুরু করেন তিনি। তাদের ছয় মাসের একটি ছেলে রয়েছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে