Views Bangladesh Logo

১৪ ঘণ্টা পর চাক্তাই খালে মিলল শিশু সেহেরিশের মরদেহ

 VB  Desk

ভিবি ডেস্ক

ট্টগ্রামে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে নালায় পড়ে নিখোঁজ হওয়া ৬ মাসের শিশু সেহেরিশের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ১৪ ঘণ্টা পর চাক্তাই খালে তার মরদেহ ভেসে ওঠে।

শনিবার (১৯ এপ্রিল) সকাল সোয়া ১০টার দিকে শিশুটির মরদেহ দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের উপপরিচালক (চট্টগ্রাম) মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, সকালে চাক্তাই খালে শিশুর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করে।

এর আগে, শুক্রবার রাত ৮টার দিকে একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে চকবাজার থানার কাপাসগোলার নবাব হোটেলের পাশের হিজরা খালের নালায় পড়ে যায়। রিকশাআরোহী শিশুটির মা সালমা ও দাদী আয়েশাকে উদ্ধার করা গেলেও নিখোঁজ ছিল শিশুটি।

শিশুটিকে উদ্ধারে শুক্রবার রাত থেকেই কাজ শুরু করে সিটি করপোরেশন ও ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দল। আজ শনিবার সকালে বিশেষ ডুবুরি দলের সাহায্যে চিরুনি অভিযান শুরু করে নৌবাহিনী। এরই মধ্যে চাক্তাই খালে শিশুটির মরদেহ ভেসে ওঠার খবর পাওয়া যায়।

শুক্রবার রাতে শিশুটির মামা মারূফ জানান, আসাদগঞ্জ থেকে সেহেরিশকে নিয়ে তার মা ও দাদী তার (মারুফ) বাসায় বেড়াতে আসছিল। বাড়ির কাছে এসে রাস্তায় পানি থাকায় রিকশা নেয় তারা। কিন্তু নালার পাশে থাকা বাঁশের বেষ্টনী খুলে ফেলার কারণে তারা রিকশা নিয়ে পড়ে যায়। পরে সেহেরিশের মা সালমা ও দাদী আয়েশাকে উদ্ধার করা গেলেও সেহেরিশ নিখোঁজ হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ