Views Bangladesh Logo

টাঙ্গুয়ার হাওরে হাউসবোট থেকে পড়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউসবোট থেকে পড়ে নিখোঁজ রোকাইয়া নূর (১০) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে তাহিরপুর উপজেলার বৌলাই নদের মাহতাবপুর এলাকায় পানিতে তার মরদেহ ভেসে ওঠে।

রোকাইয়া ফরিদপুর জেলা শহরের গোলচামট ২ নম্বর সড়ক এলাকার শাহনুর রহমানের মেয়ে। গত শুক্রবার বিকেলে টাঙ্গুয়ার হাওরসংলগ্ন বৌলাই নদের মাহতাবপুর এলাকায় চলন্ত হাউসবোট থেকে পড়ে সে নিখোঁজ হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাহনুর রহমানের পরিবারসহ ২০ জন পর্যটককে নিয়ে ‘সাফিনা লাক্সারি ওয়াটার ভিলা’ নামের হাউসবোটটি শুক্রবার সকালে মধ্যনগর থেকে টাঙ্গুয়ার হাওরে যায়। বিকেলে হাওর থেকে পর্যটকদের নিয়ে যাদুকাটা নদীর দিকে যাওয়ার পথে মাহতাবপুর এলাকায় চলন্ত হাউসবোট থেকে হঠাৎ নদে পড়ে যায় রোকাইয়া।

এরপর হাউসবোটে থাকা লোকজন ও স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজ শুরু করেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালান। শনিবার দিনভর তল্লাশি চালিয়েও শিশুটির সন্ধান পাওয়া যায়নি। রোববার সকালে নদের পানিতে তার মরদেহ ভেসে ওঠে।

হাউসবোটে থাকা এক পর্যটক বলেন, মধ্যনগর থেকে হাউসবোটটি প্রথমে টাঙ্গুয়ার হাওরে যায়। পরে যাদুকাটা নদীর দিকে যাওয়ার পথে পরিবারের সদস্যদের অগোচরে শিশুটি পানিতে পড়ে যায়।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহমেদ শিশুটির মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ