চট্টগ্রাম ফ্লাইওভারে মিলল ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ
চট্টগ্রাম নগরীর সাগরিকা ফ্লাইওভার থেকে কাউসার আহমেদ নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত কাউসার কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের আকবর শাহ থানার মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। মঙ্গলবার (১২ মে) ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পাহাড়তলী থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, নিহত কাউসার বিএসআরএম কারখানায় খণ্ডকালীন পাহারাদার হিসেবে কর্মরত ছিলেন। তিনি চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকার মৃত আবুল কাশেমের ছেলে। চাকরির সুবাদে মা ও তিন ভাইয়ের সাথে পাহাড়তলী থানার আকবর শাহ এলাকায় বসবাস করতেন তিনি। স্থানীয়রা ফ্লাইওভারে তার মরদেহ ঝুলতে দেখে পুলিশে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক ধারণা এটি আত্মহত্যা। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
এ ব্যাপারে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ নুরুল আবছার বলেন, ‘পরিবারের পক্ষ থেকে থানায় কারও বিরুদ্ধে অভিযোগ করা হয়নি। পরিবার জানিয়েছে, কাউসার দীর্ঘদিন ধরে মাদক গ্রহণের সঙ্গে জড়িত ছিলেন। থানায় অপমৃত্যুর মামলা হয়েছে এবং ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। কেউ অভিযোগ দিলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
তবে ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। তাদের অভিযোগ, তাকে অপহরণের পর হত্যা করে ফ্লাইওভারে ঝুলিয়ে রাখা হয়েছে।
এ প্রসঙ্গে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা তালুকদার পারভেজ আনসারী অভিযোগ করে বলেন, বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা ছাত্রলীগ করার কারণে কাউসারকে অপহরণ করে হত্যা করেছে। পরে তার মরদেহ ফ্লাইওভারে ঝুলিয়ে রাখা হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে