চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত এলাকা থেকে বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিখোঁজের এক সপ্তাহ পর শওকত আলী (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ মে) মধ্যরাতে উপজেলার পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান।
নিহত শওকত আলী শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর ঠুঁঠাপাড়া এলাকার মৃত মিজানের ছেলে। স্বজনরা জানান, গত ৯ মে গরু আনতে ভারতে যান শওকত। সঙ্গীরা ফিরে এলেও তিনি নিখোঁজ থাকেন। পরিবার মরদেহ উদ্ধার করে গোপনে দাফনের উদ্যোগ নিলে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠায়।
স্থানীয়দের অভিযোগ, গরু নিয়ে ফেরার পথে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ শওকতকে হত্যা করে মরদেহ নদীতে ফেলে দিয়েছে।
গোদাগাড়ী নৌ পুলিশের ওসি জীবন রায় জানান, মরদেহে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। বিশেষত হাত, পা ও বুকে গুরুতর জখম দেখা গেছে। ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যার পর মরদেহ নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে।
শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান বলেন, মরদেহটি অর্ধগলিত থাকায় এখনই মৃত্যুর কারণ নিশ্চিত করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে। চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, ঘটনাটি তদন্তে বিজিবি কাজ করছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে