Views Bangladesh Logo

সরকারি ব্যবস্থাপনায় দেশে ফিরল ইরাকে নিহত শ্রাবনের মরদেহ

ইরাকে মিসাইল হামলায় নিহত বাংলাদেশি প্রবাসী শ্রমিক মোহাম্মদ শ্রাবনের মরদেহ শুক্রবার (২৯ মে) সকালে সরকারি ব্যবস্থাপনায় দেশে আনা হয়েছে। ভোর ৫টা ১৫ মিনিটে তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ইসলাম ওবায়েদ আনুষ্ঠানিকভাবে তা গ্রহণ করেন।


মুন্সিগঞ্জ সদর উপজেলার বকুলতলা গ্রামের বাসিন্দা মোহাম্মদ শ্রাবন (পাসপোর্ট নং: ইজে ০৮২০৩২৭) মোহাম্মদ নলি মিয়ার ছেলে। জীবিকার সন্ধানে ১০ বছর আগে তিনি ইরাকের বাগদাদে যান। সম্প্রতি বাগদাদে মিসাইল হামলায় তিনি নিহত হন। তার মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী গভীর দুঃখ প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।


বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী সরকারের পক্ষ থেকে দাফন-কাফন বাবদ ৩৫ হাজার টাকার চেক মৃতের স্বজনদের হাতে তুলে দেন।


বাগদাদস্থ বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে মরদেহ দেশে আনার প্রক্রিয়া পরিচালিত হয়। গত ২৫ মে দূতাবাসের প্রথম সচিব (শ্রম) পারভেজ আলম চৌধুরী দাপ্তরিক পত্রে মরদেহ প্রেরণের বিষয়টি নিশ্চিত করেন। ২৭ মে সকাল ১০টা ২৫ মিনিটে ফ্লাইট TK0843-এ বাগদাদ থেকে রওনা হয়ে তুরস্কে ২৯ ঘণ্টার ট্রানজিট শেষে ফ্লাইট TK0712-এ ঢাকায় পৌঁছায় মরদেহ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ