ফ্লোরিডায় নিহত শিক্ষার্থী বৃষ্টির মরদেহ দেশে পৌঁছাবে শনিবার
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ আগামী শনিবার (৯ মে) সকালে ঢাকায় পৌঁছাবে। ওয়াশিংটন ডিসিস্থ বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা এ তথ্য নিশ্চিত করেছেন।
দূতাবাস সূত্রে জানা গেছে, আগামী ৭ মে রাত ৮টা ৫০ মিনিটে ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট (ইকে ০০২০) মরদেহটি নিয়ে দুবাইয়ের উদ্দেশ্যে রওয়ানা দেবে। এরপর দুবাই থেকে এমিরেটসের অপর একটি কানেক্টিং ফ্লাইটে (ইকে ০৫৮২) ৯ মে সকাল ৮টা ৪০ মিনিটে মরদেহটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে।
প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শক্রমে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস পুরো বিষয়টি সমন্বয় করছে এবং মিয়ামিস্থ বাংলাদেশ কনস্যুলেট মরদেহ পাঠানোর যাবতীয় প্রক্রিয়া সরাসরি তত্ত্বাবধান করছে।
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল থেকে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার ডক্টরাল শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ ছিলেন। প্রায় ১০ দিন নিখোঁজ থাকার পর গত ২৪ এপ্রিল জামিল লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। লিমন ওই বিশ্ববিদ্যালয়ে ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। এরপর একই দিন নিখোঁজ হওয়া নাহিদা সুলতানা বৃষ্টির লাশের অংশ গত ২৬ এপ্রিল ফ্লোরিডার আই-২৭৫ ও ফোর্থ স্ট্রিট নর্থ সংলগ্ন জলাশয় থেকে উদ্ধার করা হয়।
তদন্তকারী কর্মকর্তাদের তথ্যমতে, এই জোড়া খুনের ঘটনায় অভিযুক্ত হিশাম সালেহ আবুঘারবিয়াহকে (২৬) গ্রেপ্তার করেছে ফ্লোরিডা পুলিশ। তার বিরুদ্ধে বর্তমানে ‘ফার্স্ট ডিগ্রি প্রি-মেডিটেটেড মার্ডার’ বা পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়েছে। ফ্লোরিডার আইন অনুযায়ী অপরাধ প্রমাণিত হলে অভিযুক্তের মৃত্যুদণ্ড হতে পারে। বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে