আখাউড়া সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের মরদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশ থেকে শাকিল (১৪) নামে এক বাংলাদেশি কিশোরের মরদেহ উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মরদেহটি অর্ধগলিত অবস্থায় ছিল।
শনিবার দিনগত রাত ২টার দিকে ত্রিপুরার লঙ্কামুড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা সানমুড়া সীমান্ত এলাকার কাঁটাতারের পাশে পড়ে থাকা মরদেহটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন।
শাকিল আখাউড়ার আব্দুল্লাহপুর গ্রামের মালু মিয়ার ছেলে। পরিবারের সদস্যরা জানান, বুধবার গভীর রাতে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিল সে। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পাশাপাশি মাইকিং করেও তার সন্ধান পাওয়া যায়নি।
শাকিলের বাবা মালু মিয়া জানান, বুধবার রাতে তার মেয়ের গায়ে হলুদের অনুষ্ঠান ছিল। রাত সাড়ে ১২টার দিকে অনুষ্ঠান শেষে শাকিল বাড়িতে ফিরে মায়ের সঙ্গে ঘুমাতে যায়। কিছুক্ষণ পর আবার ঘর থেকে বের হয়ে যায়। এরপর আর বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন।
মালু মিয়া বলেন, শনিবার সন্ধ্যায় বিজিবির মাধ্যমে ছেলের সীমান্তে থাকার খবর পান। পরে সীমান্তে গিয়ে মরদেহ দেখতে পান। বিজিবি ও বিএসএফের মধ্যে যোগাযোগের পর বিএসএফ মরদেহ নিয়ে যায়। মরদেহ কবে ফেরত পাবেন, তা তখনও নিশ্চিত ছিলেন না তিনি।
তিনি আরও জানান, শাকিল মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিল। কীভাবে সে বাড়ি থেকে সীমান্ত এলাকায় পৌঁছেছে, তা তিনি জানেন না।
বিজিবি ফকিরমুড়া ক্যাম্পের কমান্ডার নিরাময় চাকমা জানান, বাংলাদেশ-ভারত সীমান্তের আখাউড়া-ত্রিপুরা অংশের ২০২২-৯এস সীমান্ত পিলারের কাছে সানমুড়া এলাকায় কাঁটাতারের বেড়ার পাশে মরদেহ পড়ে থাকতে দেখে বিএসএফের নজরে আসে।
শনিবার সন্ধ্যার পর বিএসএফের কাছ থেকে খবর পেয়ে ফকিরমুড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে যান। পরে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ উল ইসলামও পুলিশ সদস্যদের নিয়ে সেখানে উপস্থিত হন।
বিজিবি ও বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি নিয়ে যোগাযোগ করেন। মরদেহ শনাক্ত ও উদ্ধারের প্রক্রিয়া শেষ করতে গভীর রাত হয়ে যাওয়ায় রাত ২টার দিকে লঙ্কামুড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা মরদেহটি তাদের হেফাজতে নেন।
২৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, কিশোরটি কীভাবে সীমান্ত এলাকায় পৌঁছেছিল এবং কীভাবে তার মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। সীমান্তের কাঁটাতারের পাশে মরদেহ পাওয়ায় বিএসএফ সেটি নিয়ে গেছে। ময়নাতদন্ত শেষে রোববার বিকেলে মরদেহ ফেরত দেওয়ার কথা রয়েছে।
মতামত দিন