যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ দেশে পৌঁছেছে
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি মেধাবী শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে পৌঁছেছে। দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে সোমবার (৪ মে) সকাল ৮টা ৪০ মিনিটে তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
বিমানবন্দরে লিমনের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এ সময় সংবাদমাধ্যমকে প্রতিমন্ত্রী বলেন, আমরা যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি, যাতে এ হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার হয়। সরকারের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। এছাড়া নিহত অপর শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ আনার প্রক্রিয়া চলছে।
বিমানবন্দর থেকে লিমনের মরদেহ তার পৈতৃক নিবাস জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কোড়াইছড়া ইউনিয়নের মহিশবতানে নিয়ে যাওয়া হচ্ছে। এ বিষয়টি নিশ্চিত করে লিমনের মা লুৎফান হক জানান, বাদ মাগরিব পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
গ্রামের বাড়িতে এরই মধ্যে জানাজা ও দাফনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। উচ্চশিক্ষার জন্য গিয়ে লাশ হয়ে ফেরা এই মেধাবী তরুণকে শেষ বিদায় জানাতে এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে।
ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় (ইউএসএফ) ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন জামিল আহমেদ লিমন। গত ১৬ এপ্রিল থেকে লিমন ও তার সহপাঠী নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ ছিলেন। নিখোঁজের প্রায় ১০ দিন পর গত ২৪ এপ্রিল লিমনের মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। একই ঘটনায় নিখোঁজ অন্য শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহের দেহাংশ গত রোববার ফ্লোরিডার একটি জলাশয় থেকে উদ্ধার করা হয়।
এই জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় লিমনের রুমমেট ২৪ বছর বয়সী মার্কিন তরুণ হিশাম সালেহ আবুঘরবেহকে গ্রেপ্তার করেছে ফ্লোরিডা পুলিশ। তার বিরুদ্ধে প্রথম শ্রেণির দুটি হত্যাসহ বেশ কয়েকটি গুরুতর অভিযোগ আনা হয়েছে। অভিযুক্ত বর্তমানে মার্কিন পুলিশি হেফাজতে রয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে