সৌদি আরবে হামলায় নিহত মোশাররফের মরদেহ দেশে এসেছে
সৌদি আরবের আল-খারিজ শহরের কাছে আল-তোয়াইক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি মোশাররফ হোসেনের মরদেহ দেশে পৌঁছেছে।
শুক্রবার সকাল ১০টা ৫০ মিনিটের দিকে মরদেহ বহনকারী সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করে।
বিমানবন্দরে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর উপস্থিতিতে মরদেহ গ্রহণ করেন পরিবারের সদস্যরা। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামও উপস্থিত ছিলেন।
এর আগে স্থানীয় সময় শুক্রবার সকালে রিয়াদ থেকে ওই ফ্লাইটে করে মরদেহ ঢাকার উদ্দেশে রওনা হয়।
নিহত মোশাররফ হোসেন টাঙ্গাইলের সখীপুর উপজেলার কীর্ত্তনখোলা গ্রামের মো. সুরজত আলীর ছেলে। তিনি প্রায় আট বছর আগে জীবিকার সন্ধানে সৌদি আরব যান। পরে দুই বছর আগে একবার দেশে এসে আবার কর্মস্থলে ফিরে যান।
গত ৮ মার্চ সৌদি আরবে একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় মোশাররফ হোসেনসহ তিনজন নিহত হন। ইফতারের ঠিক আগমুহূর্তে এ হামলা চালানো হয় বলে জানা গেছে।
পরিবারের এক সদস্য জানান, মৃত্যুর প্রায় আধা ঘণ্টা আগেও বড় ছেলে মাহিমের সঙ্গে ভিডিও কলে কথা বলেছিলেন মোশাররফ। সেটিই ছিল পরিবারের সঙ্গে তার শেষ কথা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে