বাহরাইনে নিহত প্রবাসী গিরিশ চন্দ্রের মরদেহ দেশে, পরিবারের কাছে হস্তান্তর
মধ্যপ্রাচ্যের সংঘাতে নিহত বাহরাইনপ্রবাসী গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ বুধবার (১৫ এপ্রিল) সকালে দেশে পৌঁছেছে। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সকাল সাড়ে ৮টার দিকে মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহ গ্রহণ করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। পরে তিনি নিহতের ছোট ভাই নরেশ সূত্রধরের কাছে মরদেহ হস্তান্তর করেন। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মরদেহ হস্তান্তরকালে মন্ত্রী জানান, প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। গিরিশ চন্দ্র সূত্রধরের দাফন কার্যক্রমের জন্য তাৎক্ষণিকভাবে ৩৫ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া প্রয়োজনীয় ওয়ারিশ সনদ পাওয়া সাপেক্ষে তার পরিবারকে আরও ৩ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।
তিনি বিদেশগামী কর্মীদের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-এর মাধ্যমে নিবন্ধন করে বিদেশ যাওয়ার আহ্বান জানান, যাতে প্রয়োজনে তারা দ্রুত সরকারি সহায়তা পেতে পারেন।
উল্লেখ্য, সিলেট সদর উপজেলার পূর্ব মাছপাড়া এলাকার বাসিন্দা গিরিশ চন্দ্র সূত্রধর সম্প্রতি বাহরাইনে কর্মরত অবস্থায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে নিহত হন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে