বগুড়ায় পুলিশ লাইন্স থেকে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বগুড়া পুলিশ লাইন্স থেকে জেলা পুলিশের বেতার শাখার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আরিফুল ইসলামের (৩৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২২ মে) সকালে পুলিশ লাইন্সের ভেতর থেকে এএসআইয়ের মরদেহ উদ্ধার করা হয়। তবে পুলিশের ধারণা, বৃহস্পতিবার (২১ মে) রাত দেড়টা থেকে শুক্রবার সকাল ৮টার মধ্যে যেকোনো সময় গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন তিনি।
নিহত আরিফুল ইসলাম নাটোরের নলডাঙ্গা উপজেলার পদ্মবিল ঘড়িয়া এলাকার মো. আশরাফের ছেলে। তিনি স্ত্রী রোমা বেগম ও দুই সন্তান রেখে গেছেন। তার বিপি নম্বর-৮৮০৭১২৭৪৮৫।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতের কোনো এক সময় পুলিশ লাইন্সের ভেতরে বেতার শাখায় কর্মরত অবস্থায় এএসআই আরিফুল ইসলাম গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন। পরদিন সকালে বিষয়টি জানাজানি হলে বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া মুখপাত্র) মো. আতোয়ার রহমান বলেন, ঘটনাস্থল থেকে এএসআই আরিফুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে