Views Bangladesh Logo

জুলাইয়ে নিহতদের অজ্ঞাত মরদেহ শনাক্ত ও পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হবে: শিক্ষা উপদেষ্টা

 VB  Desk

ভিবি ডেস্ক

জুলাই গণআন্দোলনের এখনো অজ্ঞাত নিহতদের পরিচয় শনাক্তে তাদের মরদেহ কবর থেকে উত্তোলন, ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার)। তিনি আরও বলেন, ডিএনএ পরীক্ষার মাধ্যমে মরদেহ শনাক্তের পর তা স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

শনিবার (২ আগস্ট) বিকেলে রাজধানীর বাংলামোটরের বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে পল্লীকবি জসীম উদ্‌দীনের ‘কবর’ কবিতার শতবর্ষ পূর্তিতে স্মরণ ও ‘শতবর্ষে কবর’ গ্রন্থের প্রকাশনা উৎসবে প্রধান অতিথি ছিলেন তিনি। ফরিদপুর সাহিত্য পরিষদের এ আয়োজনে সভাপতিত্ব করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান ফরিদপুর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি জালাল আহমেদ।

অনুষ্ঠানে চব্বিশের গণআন্দোলনের সংগঠক ডেইলি স্টারের সাহিত্য সম্পাদক ইমরান মাহফুজ নিহত ৩২০ জনের কবর এখনো অজ্ঞাত, তাদের মা-বাবা এখনো নিখোঁজ সন্তানদের মরদেহের অপেক্ষায় বলে জানিয়ে এ বিষয়ে শিক্ষা উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন। জবাবে সি আর আবরার আরও জানান, প্রধান উপদেষ্টাকে এটি জানিয়ে দ্রুত অভিভাবকদের কাছে সন্তানদের মরদেহ ফিরিয়ে দেয়ার ব্যবস্থা নেবেন তিনি।

অনুষ্ঠানে লেখক সাংবাদিক গবেষক ও ফরিদপুর সাহিত্য পরিষদের সম্পাদক মফিজ ইমাম মিলন সম্পাদিত ‘শতবর্ষে কবর’বইয়ের মোড়ক উন্মোচন ছাড়াও ১৯২৫ সালে কলকাতার বিখ্যাত কল্লোল পত্রিকায় প্রথম প্রকাশিত কবিতাটির আবৃত্তি পরিবেশিত হয়। মোট ৪৬ জন লেখক-সাহিত্য গবেষক স্মারকগ্রন্থটিতে কালজয়ী কবিতাটির বিশ্লেষণ লিখেছেন, তুলে ধরেছেন কবিতাটির গুরুত্ব। বইটির প্রকাশক নয়নজুলি প্রকাশনী।

‘কবর’ কবিতা তৎকালীন সময়ের সমাজের চিত্রকে তুলে ধরেছে বলে মন্তব্য করে শিক্ষা উপদেষ্টা বলেন, কবিতাটির শত বছর পূর্তি গুরুত্বপূর্ণ মাইলফলক। বাংলা একাডেমিসহ এ জাতীয় প্রতিষ্ঠানের মাধ্যমে এ ধরনের কালজয়ী ঘটনা স্মরণ, গবেষণা, শিল্প-সংস্কৃতি-সাহিত্যকর্মের প্রচার-প্রসারে আরও উদ্যোগ নেয়া হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কথাসাহিত্যিক আন্দালিব রাশদী, পক্ষিবিশারদ ইনাম আল হক, কথাসাহিত্যিক ফারুক মঈন উদ্দীন। বইটির সম্পাদক মফিজ ইমাম মিলনের সঞ্চালনায় বক্তব্য দেন ফরিদপুর সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক এম এ সামাদ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ কাকলী মুখোপাধ্যায়, নয়নজুলি প্রকাশনীর স্বত্বাধিকারী মোহাম্মদ আলী খান। স্বাগত বক্তব্য দেন পরিষদের সভাপতি অধ্যাপক আলতাফ হোসেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ