জামালপুরে পুকুরে ডুবে যাওয়ার ছয় ঘণ্টা পর দুই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার
জামালপুরের মেলান্দহ উপজেলায় পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই শিশুর মরদেহ প্রায় ছয় ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) রাত ১১টার দিকে উপজেলার চরবানীপাকুরিয়া ইউনিয়নের রায়ের বাকাই এলাকার একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।
নিহত শিশু দুটি হলো একই এলাকার বাসিন্দা — আব্দুর রফিকের ছেলে আল নাফি (৮) এবং মঞ্জু মিয়ার ছেলে মো. রিফাত (৮)। তারা দুজনই ঝাউগড়া এলাকার একটি কিন্ডারগার্টেন স্কুলে তৃতীয় শ্রেণিতে পড়ত।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল ৬টার দিকে ফুটবল খেলা শেষে দুই বন্ধু মিলে পুকুরে গোসল করতে নামে। এরপর আর তাদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরিবার ও স্থানীয়রা আশপাশের বিভিন্ন স্থানে দীর্ঘ সময় ধরে খোঁজাখোজি করেন। অবশেষে রাত ১১টার দিকে পুকুরে দুটি মরদেহ ভাসতে দেখে তারা সেগুলো তুলে আনেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে চরবানীপাকুরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. নুরুল ইসলাম বলেন, ‘পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। তাদের মৃত্যুতে পুরো এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।
এ ব্যাপারে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবায়দুর রহমান জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছি। স্থানীয়দের মাধ্যমে মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে