ফরিদগঞ্জে দুই গৃহবধূর মরদেহ উদ্ধার
চাঁদপুরের ফরিদগঞ্জে পৃথক স্থান থেকে দুই গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন ফারজানা আক্তার (২২) ও আকলিমা আক্তার (১৮)।
সোমবার (২৫ মে) দুপুরে চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের সন্তোষপুর এবং রূপসা উত্তর ইউনিয়নের চরমান্দারী গ্রাম থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সন্তোষপুর গ্রামের আরিফুল ইসলাম সৌদি প্রবাসী। তার স্ত্রী ফারজানা আক্তার সকালে ঘরের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে পরিবার দাবি করেছে।
অন্যদিকে, চরমান্দারী গ্রামের কফিল উদ্দিন ব্যাপারীর বাড়ির মেহেরাজ হোসেনও সৌদি প্রবাসী। তার স্ত্রী আকলিমা আক্তার বাবার বাড়ির রান্নাঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা যায়।
স্থানীয়রা জানান, দুই দম্পতির বিয়ের বয়স প্রায় ১৫ মাস। পারিবারিক কলহের কারণে এমন ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ফরিদগঞ্জ থানার এসআই মো. হেলাল উদ্দিন ও এসআই মোহাম্মদ নুরুল আলম মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যান।
ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে