একই গ্রামে দুই বন্ধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নরসিংদীর পলাশ উপজেলায় একই গ্রামের দুটি বাড়ি থেকে দুই বন্ধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ মার্চ) রাত প্রায় ১১টার দিকে ঘোড়াশাল পৌর এলাকার মধ্য বাগপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন—মধ্য বাগপাড়া এলাকার আমিরুল ইসলামের ছেলে মুসান্না গালিব মিম (২৮) এবং বাগপাড়া এলাকার বাশির উদ্দিনের ছেলে শেখ শরিফ (২৭)। তারা পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মিম বাড়িতে একাই থাকতেন এবং তার বাবা-মা অন্যত্র অবস্থান করছিলেন। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে তার বাড়ি থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে। মরদেহে পচন ধরায় ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগেই তার মৃত্যু হয়েছে।
অন্যদিকে, শরিফের বাড়িতে গিয়ে তার কক্ষের দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তার অসুস্থ মা একই বাড়িতে থাকলেও তিনি কিছু বুঝতে পারেননি বলে জানিয়েছেন।
পুলিশ জানায়, শরিফের মৃত্যু গত ২৪ ঘণ্টার মধ্যে হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুই ঘটনাই আত্মহত্যা হতে পারে বলে মনে করা হলেও প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, মারা যাওয়া দুজন একে অপরের বন্ধু ছিলেন। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে