ঘরে ঝুলন্ত দুই শিশুর মরদেহ, বাড়ির পাশে পড়ে ছিল বাবার মরদেহ
যশোরের শার্শা উপজেলার একটি বাড়ি থেকে মঙ্গলবার বিকেলে বাবা ও তার দুই শিশুসন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার চটকাপোতা গ্রামের ঘটনাটিতে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, পারিবারিক কলহের জেরে সৃষ্ট মানসিক হতাশা থেকে দুই সন্তানকে হত্যার পর নিজেও প্রাণঘাতী পদক্ষেপ নেন বাবা।
মৃত ব্যক্তির নাম কামাল হোসেন (৪৫)। পেশায় ভ্যানচালক কামাল শার্শা উপজেলার চটকাপোতা গ্রামের বাসিন্দা। বাড়ির পাশেই পড়ে ছিল তার মরদেহ। একই সময় ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তার দুই শিশুসন্তানের মরদেহ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত কামাল হোসেনের দুই বিয়ে ছিল। দ্বিতীয় স্ত্রী রাবেয়া বেগমের সঙ্গে কয়েক মাস ধরে পারিবারিক নানা বিষয় নিয়ে তার বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে প্রায় এক সপ্তাহ আগে দুই শিশুসন্তানকে রেখে বাবার বাড়িতে চলে যান রাবেয়া।
প্রত্যক্ষদর্শী স্থানীয়দের বরাতে জানা যায়, মঙ্গলবার বিকেলে কামাল হোসেনের দোচালা টিনের ঘরের একটি কক্ষে দুই শিশুর মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়, আর বাড়ির দক্ষিণ পাশে পড়ে ছিল কামাল হোসেনের মরদেহ। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে পুলিশ।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক বিবাদের জেরে চরম মানসিক হতাশা থেকেই সন্তানদের হত্যার পর নিজেও প্রাণ দিয়েছেন কামাল হোসেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান তিনি। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলাসহ আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।
মতামত দিন