Views Bangladesh Logo

ময়নাতদন্তের প্রয়োজনে গোপালগঞ্জে নিহতদের মরদেহ উত্তোলন: স্বরাষ্ট্র উপদেষ্টা

 VB  Desk

ভিবি ডেস্ক

য়নাতদন্তের প্রয়োজনে গোপালগঞ্জে সংঘর্ষে নিহতদের মরদেহ কবর থেকে উত্তোলন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।


শনিবার (১৯ জুলাই) দুপুর ১২টার দিকে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিদর্শন শেষে তিনি বলেন, সংঘর্ষে ৫ জন মারা গেছেন। ঢাকায় যিনি মারা গেছেন, তার ময়নাতদন্ত হচ্ছে। গোপালগঞ্জে যারা মারা গেছেন, তাদের কয়েকজনের মরদেহ পরিবার নিয়ে গেছে। তাদের ময়নাতদন্ত কীভাবে হবে? যদি দরকার হয়, আবার ময়নাতদন্ত করা হবে।

গোপালগঞ্জে ঘটনার দায় কাকে দেবেন এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি নির্ধারণ করবে এ দায় কার, আপনারা জানতে পারবেন’।

বুধবার (১৬ জুলাই) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে গোপালগঞ্জ শহরে দফায় দফায় সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও অগ্নিসংযোগে চারজন নিহত হন। পরদিন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও একজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে ১৪৪ ধারা জারি করেন জেলা প্রশাসক। কিন্তু সহিংসতা অব্যাহত থাকায় ওই দিন সন্ধ্যা ছয়টা থেকে কারফিউ জারি করা হয়।

বৃহস্পতিবার (১৭ জুলাই) ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী জেলা প্রশাসকের কার্যালয়ে ব্রিফিংয়ে জানান, প্রথম দফায় কারফিউয়ের সময়সীমা বাড়িয়ে শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যা ছয়টা পর্যন্ত কার্যকর রাখা হয়। এর মধ্যে দুপুর ১১টা থেকে ২টা পর্যন্ত তিন ঘণ্টার জন্য কারফিউ সাময়িকভাবে শিথিল করা হয়েছিল। পরে সন্ধ্যায় দ্বিতীয় দফায় কারফিউয়ের মেয়াদ আরও বাড়িয়ে শনিবার সকাল ছয়টা পর্যন্ত বহাল রাখা হয়।


সর্বশেষ শনিবার সকাল ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত কারফিউ শিথিল রেখেছে জেলা প্রশাসন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ