Views Bangladesh Logo

৫ আগস্ট মবে নিহত সেলিম খান ও তার ছেলের মরদেহ উত্তোলন করা হবে

২০২৪ সালের ৫ আগস্ট মবের শিকার হয়ে নিহত চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খানের মরদেহ ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলনের নির্দেশ দিয়েছেন আদালত। ঘটনার পর পরিস্থিতি বিবেচনায় ময়নাতদন্ত ছাড়াই তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছিল।

মঙ্গলবার সকালে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়েজ আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ দুটি কবর থেকে উত্তোলনের জন্য জেলা প্রশাসকের কাছে নির্বাহী ম্যাজিস্ট্রেট চেয়ে আবেদন করা হয়েছিল। জেলা প্রশাসক সেই আবেদন অনুমোদন করেছেন। তবে কবে মরদেহ দুটি উত্তোলন করা হবে, তা এখনো নির্ধারণ হয়নি।

পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের দিন সন্ধ্যায় এলাকা ছাড়ার সময় সেলিম খান ও তাঁর ছেলে শান্ত খান একটি গাড়িতে ছিলেন। চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের চাপিলা গ্রামের হাফেজিয়া মাদ্রাসা এলাকায় পৌঁছালে তারা বিক্ষুব্ধ জনতার মুখে পড়েন। সেখান থেকে বেরিয়ে আসতে পারলেও পরে বাগড়া বাজার এলাকায় তাদের গাড়ি আটকে দেওয়া হয়। সেখানে জনতার পিটুনিতে দুজন নিহত হন।

পরে স্থানীয় লোকজন তাদের মরদেহ উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। তখন পরিস্থিতির কারণে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে লক্ষ্মীপুর গ্রামের খান বাড়ির পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।

ওসি ফয়েজ আহমেদ বলেন, ঘটনার পর পরিস্থিতি স্বাভাবিক হলে এ ঘটনায় মডেল থানা-পুলিশ বাদী হয়ে মামলা করে। ওই মামলায় আদালত ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন। বর্তমানে মামলাটি তদন্ত করছেন শহরের নতুন বাজার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক চাঁদ মিয়া।

সেলিম খান চাঁদপুর সদর উপজেলার ১০ নম্বর লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। আওয়ামী লীগ সরকারের সময় স্থানীয় রাজনীতিতে তার প্রভাব ছিল। রাজনীতির পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। তার ছেলে শান্ত খান চলচ্চিত্রে অভিনয় করতেন।

সেলিম খানের বিরুদ্ধে পদ্মা ও মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনসহ বিভিন্ন অভিযোগ ছিল। এসব অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলাও চলমান ছিল। বালু উত্তোলনের ঘটনায় সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগে তৎকালীন জেলা প্রশাসনও তার বিরুদ্ধে টাকা আদায়ের মামলা করে।

এ ছাড়া চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য জমি অধিগ্রহণসহ বিভিন্ন বিষয়েও সেলিম খানের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ