দুই বছর পর কবর থেকে সেলিম খান ও তার ছেলের মরদেহ উত্তোলন
চাঁদপুরের লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খানের মরদেহ দাফনের দুই বছরেরও বেশি সময় পর কবর থেকে উত্তোলন করা হয়েছে। আদালতের নির্দেশে ময়নাতদন্তের উদ্দেশ্যে বুধবার (৭ অক্টোবর) মরদেহ দুটি তোলা হয়।
বুধবার (৭ অক্টোবর) সকালে চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন এলাকা থেকে প্রথমে সেলিম খানের মরদেহ এবং তার পরপরই একই স্থান থেকে ছেলে শান্ত খানের মরদেহ তোলা হয়। চাঁদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম এবং মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) চাঁদ মিয়ার উপস্থিতিতে মরদেহ দুটি উত্তোলন করা হয়।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, আদালতের নির্দেশনা পাওয়ার পর ময়নাতদন্তের জন্য জেলা প্রশাসকের কাছে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের আবেদন করা হয়। জেলা প্রশাসকের অনুমোদনের পর আদালতের নির্দেশে মরদেহ উত্তোলনের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
নিহত সেলিম খান লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং একই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। রাজনীতির পাশাপাশি সিনেমা প্রযোজনা প্রতিষ্ঠান ‘শাপলা মিডিয়া’র কর্ণধার হিসেবে চলচ্চিত্র অঙ্গনেও পরিচিতি ছিল তার। তার ছেলে শান্ত খান কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন।
উল্লেখ্য, পদ্মায় অবৈধ বালু উত্তোলন এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণে অনিয়মসহ একাধিক দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা ও রাজস্ব ফাঁকির অভিযোগ ছিল সেলিম খানের বিরুদ্ধে। এসব মামলায় তিনি পূর্বে কারাবাসও ভোগ করেন।
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে যাওয়ার চেষ্টার সময় ক্ষুব্ধ জনতার পিটুনিতে প্রাণ হারান সেলিম খান ও তার ছেলে শান্ত খান। এ ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। পরবর্তীতে মামলার সুষ্ঠু তদন্ত ও আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে আদালত তাদের মরদেহ কবর থেকে তুলে ময়নাতদন্তের নির্দেশ দেন।
মতামত দিন