Views Bangladesh Logo

দেশে পৌঁছাল কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশির মরদেহ

কাতারের শাহানিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের কানাইঘাটের ৫ প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে। মঙ্গলবার (৩০ জুন) সকাল ৬টা ৫০ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহগুলো পৌঁছায়।

আনুষ্ঠানিকতা শেষে স্বজনদের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নিহতদের কারো পিতা ও কারো ভাই।

মরদেহগুলো গ্রহণ করে অ্যাম্বুলেন্সে করে কানাইঘাটে নিজ নিজ গ্রামে নিয়ে যান স্বজনরা। দুপুরে তাদেরকে দাফন করার কথা রয়েছে।

দোহায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের শ্রম উইংয়ের কাউন্সিলর মাশহুদুল কবির জানিয়েছেন, মরদেহগুলো বাংলাদেশ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে আনা হয়েছে। স্থানীয় সময় সোমবার রাত সোয়া ১০টার দিকে কাতারের হামাদ বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিজি-২২৬ ফ্লাইটটি ছাড়ে, মঙ্গলবার সকালে সিলেটে পৌঁছায়।

উল্লেখ্য, গত ২১ জুন সকাল ১০টার দিকে কাজে যাওয়ার পথে কাতারের শাহানিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন এক ভারতীয় নাগরিকসহ পাঁচ বাংলাদেশি। নিহত বাংলাদেশিদের সবার বাড়ি সিলেটের কানাইঘাটে। তাঁরা হলেন— দক্ষিণ বানীগ্রাম ইউনিয়নের গাছবাড়ি গ্রামের বাহার উদ্দিনের ছেলে আব্দুল কাদির, মাঝতালুক গ্রামের সেলিম আহমদের ছেলে মুস্তাক আহমদ আফনান, একই গ্রামের মরা মিয়ার ছেলে জুবায়ের আহমদ, ঝিঙ্গাবাড়ি ইউনিয়নের আগতালুক গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে জসিম উদ্দিন এবং আমরপুর গ্রামের আব্দুন নুরের ছেলে জিবাল আহমদ।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ