ওয়ারীতে বাসা থেকে দম্পতির মরদেহ উদ্ধার
রাজধানীর ওয়ারীতে নিজ বাসা থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) রাতে হেয়ার স্ট্রিট রোডের পঞ্চম তলার একটি বাসা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় একটি চিরকুটও উদ্ধার করা হয়।
নিহতরা হলেন মোহাম্মদ মুঈদ (৩৫) ও তার স্ত্রী আইরিন আক্তার (৩২)। এদের মধ্যে মুঈদ কুমিল্লার তিতাস উপজেলার আড়াইকান্দি গ্রামের মোহাম্মদ মুসার ছেলে এবং আইরিন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াজি বাড়ির জয়নাল আবেদীনের মেয়ে।
ওয়ারি থানার ডেপুটি কমিশনার হারুন অর রশীদ এসব তথ্য নিশ্চিত করেন। এ ব্যাপারে তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘দুই দিন ধরে বাসার দরজা না খোলায় সেখানকার লোকজন আমাদের জানালে আমরা গিয়ে গতকাল রাতে মরদেহ দুটি উদ্ধার করি। ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে তাদের মরদেহ পাঠানো হয়েছে।’
হারুন অর রশীদ বলেন, ‘মৃত্যুর আগে একটা চিরকুট লিখে যান তারা। তবে আমরা হাতের লেখা দেখে প্রাথমিকভাবে ধারণা করছি, সেটা স্ত্রীর লেখা। কারণ স্বামী আগে মারা গিয়েছেন। তার শরীরে পচন শুরু হলেও স্ত্রীর বডি এখনো ফ্রেশ।’
এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘চিরকুট থেকে জানা যায় মুঈদ অনেকদিন ধরে ক্যান্সারের রোগী ছিলেন। প্রায় চার বছর তিনি বাসা থেকে বের হননি। এটি সুইসাইড কি না; বোঝা যাচ্ছে না। যেহেতু মুঈদ অসুস্থ ছিলেন এবং আগে মারা গিয়েছেন।’
তিনি আরও জানান, ‘দুইজনের পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। কারণ তাদের বিয়ে কেউ মেনে নেয়নি। চিরকুটে লেখা ছিল, মরদেহ যেন গ্রামে পাঠানো না হয় এবং একই সঙ্গে দুইজনকে শায়িত করে কবর দেয়া হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে