Views Bangladesh Logo

সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৯ প্রবাসীর মরদেহ ফিরল দেশে

পরিবারের স্বচ্ছলতার স্বপ্ন নিয়ে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন তারা। জীবিকার তাগিদে প্রবাসে গিয়ে শেষ পর্যন্ত ফিরতে হলো কফিনবন্দি হয়ে। রিয়াদের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে পরিচয় শনাক্ত হওয়া নয়জনের মরদেহ দেশে পৌঁছেছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৪টা ৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৪০ ফ্লাইটে মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এ সময় নিহতদের স্বজনদের পাশাপাশি বিমানবন্দরে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। পরে স্বজনেরা মরদেহ নিয়ে নিজ নিজ এলাকায় রওনা হন।

গত ৯ আগস্ট সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১৬ বাংলাদেশি নিহত হন। দুর্ঘটনার পর নিহতদের পরিচয় শনাক্তের প্রক্রিয়া শুরু হয়। আঙুলের ছাপ পরীক্ষার মাধ্যমে নয়জনের পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়।

দেশে ফেরা নয়জনের মধ্যে সাতজনই নওগাঁর আত্রাই উপজেলার বাসিন্দা। তারা হলেন উদনপৈ গ্রামের মো. ফরিদ, গন্ডগোহালী গ্রামের রুবেল প্রামাণিক, কলিমউদ্দিন ইসলাম, মোহন আলী ও তার ছোট ভাই সুমন আলী, ডুবাই গ্রামের সোহেল রানা এবং পারকাসুন্দা গ্রামের আব্দুল জলিল সরকার।

অন্য দুইজনের একজন নাটোরের নলডাঙ্গা উপজেলার মহিষডাঙ্গা গ্রামের রবিউল ইসলাম এবং অপরজন রাজশাহীর বাগমারা উপজেলার মরুগ্রামের শ্যামল উদ্দিন। মরদেহগুলো নিজ নিজ এলাকায় নেওয়ার পর পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী দাফনের ব্যবস্থা করা হবে।

প্রবাসে গিয়ে স্বজনদের জন্য অর্থ উপার্জন এবং পরিবারের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখেছিলেন নিহতরা। কিন্তু কর্মস্থলের ভয়াবহ অগ্নিকাণ্ডে সেই স্বপ্ন থেমে গেছে। মরদেহ দেশে ফেরার খবরে পরিবারগুলোতে একদিকে প্রিয়জনকে শেষবারের মতো দেখার অপেক্ষা, অন্যদিকে শোক আর কান্নার পরিবেশ তৈরি হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ