Views Bangladesh Logo

কলকাতার হোটেলে আগুন

৬ বাংলাদেশির মরদেহ ফিরল দেশে, একজনের শেষকৃত্য ভারতে

কলকাতার একটি হোটেলে আগুনে নিহত সাত বাংলাদেশির মধ্যে ছয়জনের মরদেহ দেশে পৌঁছেছে। পরিবারের ইচ্ছায় নিহত অপর বাংলাদেশির মরদেহ কলকাতাতেই শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৯ আগস্ট কলকাতার ওই হোটেলে অগ্নিকাণ্ডের পর থেকেই কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশন স্থানীয় কর্তৃপক্ষ ও নিহতদের পরিবারের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করে আসছিল। মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পরিবারগুলোকে সব ধরনের সহযোগিতা দেওয়া হয়। স্থানীয় কর্তৃপক্ষ প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করার পর শুক্রবার রাতে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করে।

নিহত সাতজনের মধ্যে সাতক্ষীরার এস এম আলিমুজ্জামানের মরদেহ শনিবার সকালে ঘোড়াদাঙ্গা-ভোমরা সীমান্ত দিয়ে দেশে আনা হয়। পরে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

কুষ্টিয়ার একই পরিবারের চার সদস্য সাংবাদিক দেবাশীষ দত্ত, আফসানা শারমিন, স্বর্ণাশীষ দত্ত ও মো. আকরাম আলীর মরদেহ শনিবার বিকেলে পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে দেশে আনা হয়। একই সীমান্ত দিয়ে ঢাকার আমিনবাজারের বাসিন্দা বাবু আহমেদের মরদেহও দেশে আনা হয়েছে।

মরদেহ সংরক্ষণ, পরিবহন ও দেশে ফিরিয়ে আনার পুরো প্রক্রিয়ায় নিহতদের পরিবারের সদস্যদের প্রয়োজনীয় সহযোগিতা দিয়েছে কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশন।

সাতক্ষীরার রেবতী সরকারের মরদেহ পরিবারের ইচ্ছা অনুযায়ী শুক্রবার রাতে কলকাতায় শেষকৃত্য সম্পন্ন করা হয়। এ ক্ষেত্রেও তার পরিবারকে আর্থিকসহ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিয়েছে উপহাইকমিশন।

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ