Views Bangladesh Logo

জহির রায়হানকে একুশে পদক উৎসর্গ করলেন ববিতা

চলচ্চিত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের ‘একুশে পদক’ পাচ্ছেন বরেণ্য অভিনেত্রী ববিতা। এই সম্মাননা তিনি কিংবদন্তি চলচ্চিত্রকার শহীদ জহির রায়হানকে শ্রদ্ধার সঙ্গে উৎসর্গ করেছেন।

গত বৃহস্পতিবার ২০২৬ সালের একুশে পদকপ্রাপ্তদের তালিকা ঘোষণা করা হয়। এবছর ৯ জন গুণী ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান এই রাষ্ট্রীয় সম্মাননা পাচ্ছে।

পদকপ্রাপ্তির খবরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ববিতা বলেন, ‘দেরিতে হলেও একুশে পদক পেয়েছি, তাতেই আমি খুব খুশি।’ বৃহস্পতিবার বিকেল থেকেই মোবাইল ফোনে প্রিয়জনদের শুভেচ্ছা বার্তা পাচ্ছেন তিনি।

তিনি বলেন, 'মহান আল্লাহর কাছে অসীম শুকরিয়া, তিনি আমাকে সুস্থ ও ভালো রেখেছেন। জীবদ্দশায় একুশে পদকের মতো রাষ্ট্রীয় সম্মাননা পাওয়া সত্যিই সৌভাগ্যের। রাষ্ট্র এবং যারা আমাকে এই সম্মানের জন্য নির্বাচিত করেছেন-সবার প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।'

ভক্ত-দর্শক ও গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ববিতা বলেন, 'আমার ভক্তরা সব সময়ই আমার কাজের অনুপ্রেরণা। ভালো-মন্দে পাশে থেকেছেন। তাদের অনুপ্রেরণাতেই আজকের ববিতা। একই সঙ্গে সংবাদমাধ্যমের প্রতিও কৃতজ্ঞতা-আমার অভিনয়জীবনের শুরু থেকেই তারা আমার পাশে ছিল।'

১৯৬৮ সালে জহির রায়হান পরিচালিত ‘সংসার’ চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে ববিতার অভিনয়জীবনের সূচনা। সেখানে তিনি রাজ্জাক ও সুচন্দার কন্যার চরিত্রে অভিনয় করেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।

এ প্রসঙ্গে তিনি বলেন, 'শ্রদ্ধেয় শহীদ জহির রায়হানের হাত ধরেই আমার চলচ্চিত্রে আসা। তাই আমার প্রাপ্ত একুশে পদকটি তাকেই গভীর শ্রদ্ধায় উৎসর্গ করছি।'

১৯৭৫ সালে ‘বাদী থেকে বেগম’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হন ববিতা। পরবর্তীতে ১৯৭৬ সালে ‘নয়নমণি’ এবং ১৯৭৭ সালে ‘বসুন্ধরা’ সিনেমার জন্য একই সম্মাননা লাভ করেন তিনি। এছাড়া ‘রামের সুমতি’, ‘হাছন রাজা’, ‘পোকামাকড়ের ঘরবসতি’ (শ্রেষ্ঠ প্রযোজক হিসেবে) এবং ‘কে আপন কে পর’ চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

চলচ্চিত্রে আজীবন অবদানের স্বীকৃতি হিসেবে ২০১৬ সালে তাকে আজীবন সম্মাননায় ভূষিত করা হয়। অস্কারজয়ী বিশ্বনন্দিত নির্মাতা সত্যজিৎ রায়ের ‘অশনিসংকেত’ চলচ্চিত্রে অনঙ্গ বউ চরিত্রে অভিনয় করে দেশ-বিদেশে প্রশংসা কুড়ান ববিতা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ