মসজিদ নির্মাণই এখন ববিতার সবচেয়ে বড় স্বপ্ন
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ববিতা জানিয়েছেন, জীবনের সবচেয়ে বড় স্বপ্ন এখন নিজের জন্মভিটায় একটি মসজিদ নির্মাণ করা। সম্প্রতি যশোরের বিজয়নগরে পারিবারিক এলাকায় গিয়ে মসজিদ নির্মাণের জন্য জমিও চূড়ান্ত করে এসেছেন তিনি।
ববিতা বলেন, ‘এবার দাদাবাড়িতে গিয়ে মসজিদের জন্য জমি দেখে চূড়ান্ত করে এসেছি। মনে হচ্ছে, সৃষ্টিকর্তা আমাকে একটি ভালো কাজ করার সুযোগ দিচ্ছেন। আমি খুব সুন্দর করে একটি মসজিদ নির্মাণ করতে চাই। চার-পাঁচ বছর ধরে এই স্বপ্নটা দেখছি। সত্যি বলতে, এটি আমার জীবনের সবচেয়ে সুন্দর স্বপ্নগুলোর একটি। এই স্বপ্ন পূরণ করতে পারলেই আমি সবচেয়ে বেশি খুশি হব।’
তিনি জানান, দীর্ঘদিন ধরেই গ্রামের মানুষের জন্য একটি স্থায়ী ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে তোলার ইচ্ছা ছিল। সেই স্বপ্ন বাস্তবায়নের পথে এগোতে পেরে তিনি কৃতজ্ঞ।
ববিতা বলেন, ‘একদিন তো সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। জন্ম হয়েছে, মৃত্যু একদিন হবেই। তাই চলে যাওয়ার আগে একটি ভালো কাজ করে যেতে চাই। খুব শিগগিরই মসজিদের নকশা করব। এরপর ধীরে ধীরে নির্মাণকাজ শুরু করব। আমার জন্য সবাই দোয়া করবেন।’
জীবনের এই পর্যায়ে এসে নিজের সবচেয়ে বড় চাওয়া সম্পর্কে তিনি বলেন, ‘এখন আমার একটাই স্বপ্ন—মসজিদটা করে যেতে চাই। নিজেকে ভালো কাজের সঙ্গে রাখতে চাই। আল্লাহ যেন আমাকে এই স্বপ্ন পূরণের তৌফিক দেন।’
মতামত দিন