‘পরের বছর থেকে হবে না’ শর্তে ২৮ আগস্ট হচ্ছে নৌকাবাইচ
সিলেটের বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের সুনাই নদীতে নৌকাবাইচ আয়োজনকে কেন্দ্র করে সৃষ্ট জটিলতার শান্তিপূর্ণ সমাধান হয়েছে। সমঝোতার শর্ত অনুযায়ী, এ বছর পূর্বনির্ধারিত সময়ে নৌকাবাইচ অনুষ্ঠিত হলেও আগামী বছর থেকে সুনাই নদীতে এ আয়োজন করা হবে না বলে জানিয়েছেন লাউতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলওয়ার হোসেন।
ফলে আগামী ২৮ আগস্ট বাহাদুর গাংপার যুব সমাজের উদ্যোগে সুনাই নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আয়োজকেরাও নির্ধারিত সময়ে প্রতিযোগিতা আয়োজনের বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার এশার নামাজের পর বারইগ্রাম বাজারে পূবালী ব্যাংক পিএলসি ভবনের নিচতলায় এ বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে লাউতা ইউনিয়নের বিভিন্ন গ্রামের যুবক, মুরব্বি, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন। দীর্ঘ আলোচনায় নৌকাবাইচকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি, স্থানীয়দের মতামত এবং ভবিষ্যতে এ ধরনের জটিলতা এড়ানোর উপায় নিয়ে আলোচনা করা হয়।
তবে নৌকাবাইচ বন্ধের দাবিতে প্রতিবাদকারীদের মধ্যে মাওলানা নুরুর রহমান মাসুক, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের বিয়ানীবাজার উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আব্দুল হক কাসেমী এবং ৩ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি হোসেন আহমদ বৈঠকে উপস্থিত ছিলেন না। স্থানীয় পরিস্থিতি বিবেচনায় তাঁরা বিষয়টির শান্তিপূর্ণ সমাধানে সম্মত হয়েছেন বলে দাবি করেছেন চেয়ারম্যান দেলওয়ার হোসেন। ‘তৌহিদী জনতার’ ব্যানারে প্রতিবাদের বিষয়টিও তাঁরা অস্বীকার করেছেন বলে জানান তিনি।
চেয়ারম্যান দেলওয়ার হোসেন বলেন, ‘এ বছর যথাসময়ে নৌকাবাইচ আয়োজনের সুযোগ চেয়েছে আয়োজক সংগঠন বাহাদুর গাংপার যুব সমাজ। তবে তারা আগামী বছর থেকে সুনাই নদীতে আর নৌকাবাইচ আয়োজন করবে না। উভয় পক্ষই এ সিদ্ধান্তে মত দেওয়ায় শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান হয়েছে।’
তিনি আরও বলেন, এ বছরের আয়োজনকে ঘিরে যাতে নতুন করে কোনো বিরোধ বা উত্তেজনা সৃষ্টি না হয়, সে বিষয়েও বৈঠকে গুরুত্ব দেওয়া হয়েছে। দীর্ঘ আলোচনার পর পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে সমঝোতা হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে।
নৌকাবাইচ আয়োজক কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বলেন, আগামী ২৮ আগস্ট পূর্বনির্ধারিত সময়েই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। স্থানীয়দের সহযোগিতা ও পারস্পরিক আলোচনার মাধ্যমে জটিলতার সমাধান হয়েছে এবং এখন প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা মজুমদারের বক্তব্য পাওয়া যায়নি।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল করিম বলেন, বিষয়টির শান্তিপূর্ণ সমাধান হয়েছে বলে তিনি জেনেছেন। তবে আগামী বছর থেকে নৌকাবাইচ আয়োজন না করার শর্তে এবার ২৮ আগস্ট প্রতিযোগিতা হবে—এমন কোনো তথ্য তাঁর জানা নেই।
মতামত দিন