Views Bangladesh Logo

সিরাজগঞ্জে নৌকাবাইচ বন্ধ, ১৪৪ ধারা জারি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করতোয়া নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাদের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। দুই পক্ষ আলাদা তারিখে একই স্থানে নৌকাবাইচ আয়োজনের ঘোষণা দেওয়ায় উত্তেজনা তৈরি হলে প্রতিযোগিতা বন্ধ ঘোষণা করে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

উপজেলার পঞ্চকোশী ইউনিয়নের কালিগঞ্জ ঘাটে দীর্ঘদিন ধরে স্থানীয়দের উদ্যোগে করতোয়া নদীতে নৌকাবাইচের আয়োজন হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় এবার বিএনপির পক্ষ থেকে ৭, ৮ ও ৯ সেপ্টেম্বর নৌকাবাইচ আয়োজনের ঘোষণা দেওয়া হয়।

এর পর জামায়াতে ইসলামীর নেতারা ৪ ও ৫ সেপ্টেম্বর একই স্থানে নৌকাবাইচ আয়োজনের ঘোষণা দিয়ে প্রস্তুতি শুরু করেন। দুই পক্ষের পাল্টাপাল্টি আয়োজনকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিলে উভয় পক্ষই উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করে।

বিএনপির আয়োজনে নৌকাবাইচ প্রতিযোগিতার আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য সেলিম রেজা বলেন, ৭, ৮ ও ৯ সেপ্টেম্বর করতোয়া নদীর কালিগঞ্জ ঘাটে ১৭তম নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে প্রধান অতিথি এবং সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা রফিকুল ইসলাম খানকে বিশেষ অতিথি করা হয়।

তিনি বলেন, হঠাৎ করে জামায়াত নেতা জহুরুল ইসলাম পেনু তাদের মঞ্চের পাশে আরেকটি মঞ্চ তৈরি করে একই ঘাটে ৪ ও ৫ সেপ্টেম্বর নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি শুরু করেন। এ কারণে ৪ সেপ্টেম্বর থেকে ঘাট এলাকায় ১৪৪ ধারা জারি করে নৌকাবাইচ বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

অন্যদিকে জামায়াত আয়োজিত নৌকাবাইচ প্রতিযোগিতা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ও পঞ্চকোশী ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পেনু বলেন, বিদ্যুৎমন্ত্রীকে প্রধান অতিথি এবং উল্লাপাড়ার সংসদ সদস্যকে বিশেষ অতিথি করে তারা ৪ ও ৫ সেপ্টেম্বর নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি নিয়েছিলেন।

তিনি বলেন, বর্তমানে বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। ফলে তিনি প্রতিযোগিতায় উপস্থিত হতে পারবেন কি না, তা অনিশ্চিত। বিষয়টি জানার পর তাদের প্রতিযোগিতা বন্ধের জন্য বিএনপির পক্ষ থেকে প্রশাসনের কাছে অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলামের বক্তব্য জানতে তার সরকারি মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হয়। ক্ষুদে বার্তাও পাঠানো হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ