মালয়েশিয়া যাওয়ার পথে ইনানী সৈকতে ২৪ রোহিঙ্গা আটক
সমুদ্রপথে ট্রলারযোগে অবৈধভাবে টেকনাফ থেকে মালয়েশিয়া যাচ্ছিল শতাধিক রোহিঙ্গা। তবে দালালরা মাঝপথে কক্সবাজারের ইনানী সৈকতে ট্রলারটি ভিড়িয়ে দিয়ে পালিয়ে যায়। এসব রোহিঙ্গা উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
জানা গেছে, সোমবার (১৪ অক্টোবর) সকালে তাদের মধ্যে থেকে ২৪ জন রোহিঙ্গাকে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ইনানী সৈকত থেকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
স্থানীয়রা জানান, আজ ভোর ৪টার দিক শতাধিক রোহিঙ্গাকে ইনানী সৈকতের বালিয়াড়ি পেরিয়ে হঠাৎ লোকালয়ে আসতে দেখে অবাক হন তারা।
আটক রোহিঙ্গাদের মধ্যে উখিয়ার ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা খুরশিদা বেগম (২৪) জানান, ‘আমরা মালেয়শিয়া যাওয়ার উদ্দেশে টেকনাফ থেকে ট্রলারে যাত্রা করেছিলাম। মিয়ানমার নৌবাহিনী
জলসীমা অতিক্রমের সময় তাদের বাধা দেয়। এ সময় মাঝি বোট ঘুরিয়ে এদিকে চলে আসে এবং আমরা সাগরের মাঝে ১০ দিন ছিলাম।‘
এদিকে এলাকাবাসীর দাবি, কোস্টগার্ডের স্টেশনে খবর দেয়া হলেও দেখা যায়নি তাদের তাৎক্ষণিক তৎপরতা। এই সুযোগে কমপক্ষে ৭০ জন রোহিঙ্গা পালিয়ে গেছে বলে জানা যায়। পরে পুলিশ এসে স্থানীয়দের সহযোগিতায় তীরে থাকা ২৪ জনকে আটক করে, যারা বর্তমানে কোস্টগার্ড স্টেশনে রয়েছে।
ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ রেজাউল করিম এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ২০১৬ সাল থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারকালে ১,১৩৪ জনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে বেশিরভাগই ছিল রোহিঙ্গা। এসব ঘটনায় উখিয়া ও টেকনাফ থানায় ১২০০ জনকে আসামি করে ৮৫টি মামলা দায়ের করা হয় এবং ৫০৮ জন মানব পাচারকারীকে গ্রেপ্তার করা হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে