কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের চার সদস্য নিয়ে নৌকাডুবি, একজন নিখোঁজ
কক্সবাজারের সোনাদিয়া চ্যানেলের মোহনায় ঢেউয়ের ধাক্কায় কাঠের নৌকা ডুবে নিউজিল্যান্ডের একটি পরিবারের চার সদস্য পানিতে পড়ে যান। স্থানীয় জেলেদের তৎপরতায় পরিবারের তিন সদস্যকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও ১৬ বছর বয়সী এক কিশোর এখনো নিখোঁজ রয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল পর্যন্ত কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছিলেন।
পুলিশ জানায়, মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে নিউজিল্যান্ডের চার সদস্যের পরিবারটি নাজিরারটেক উপকূল থেকে একটি কাঠের নৌকায় করে মহেশখালীর সোনাদিয়া দ্বীপের দিকে যাচ্ছিল। সোনাদিয়া চ্যানেলের মোহনায় পৌঁছালে হঠাৎ বড় ঢেউয়ের আঘাতে নৌকাটি দুলতে শুরু করে। একপর্যায়ে ঢেউয়ের ধাক্কায় নৌকাটি উল্টে গেলে চারজনই পানিতে পড়ে যান।
ঘটনার সময় আশপাশে থাকা মাছ ধরার নৌকার জেলেরা দ্রুত এগিয়ে এসে উদ্ধার তৎপরতা শুরু করেন। তাঁদের প্রচেষ্টায় দুই নারীসহ তিনজনকে জীবিত উদ্ধার করা হয়। পরে তাঁদের কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়। উদ্ধার হওয়া তিনজন হলেন এডওয়ার্ড (৭৪), বেলা (৩৬) ও রালফ (১৩)। তাঁদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তবে পরিবারের আরেক সদস্য কিশোর আলবার্টের (১৬) কোনো সন্ধান পাওয়া যায়নি। বিকেল ৫টা পর্যন্ত চ্যানেলের বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়েও তার সন্ধান মেলেনি। নিখোঁজ কিশোরকে উদ্ধারে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে অভিযান চালাচ্ছেন। ডুবুরি দলও তল্লাশিতে অংশ নিয়েছে।
স্থানীয় জেলেরা জানান, নিউজিল্যান্ডের পরিবারটি কয়েক দিন ধরে কক্সবাজার, মহেশখালী ও সোনাদিয়ার বিভিন্ন এলাকায় ঘুরছিল। মঙ্গলবার সকালে তারা নাজিরারটেক থেকে নৌকায় করে সোনাদিয়ার উদ্দেশে রওনা হন। চ্যানেলের মোহনায় পৌঁছানোর পরই দুর্ঘটনাটি ঘটে। কাছাকাছি থাকা জেলেরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোয় তিনজনকে উদ্ধার করা সম্ভব হয়।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী বলেন, নৌকাডুবির ঘটনায় তিন বিদেশিকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ কিশোরের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার দোলন আচার্য জানান, খবর পাওয়ার পর বিশেষ দল ঘটনাস্থলে গিয়ে তল্লাশি শুরু করে এবং নিখোঁজ কিশোরের সন্ধানে ডুবুরি দল কাজ করছে।
মতামত দিন