চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি, ভারতীয় সীমান্তে ১০ জনকে উদ্ধার করলো বিএসএফ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের পদ্মা নদীতে ডিঙি নৌকা ডুবে ১০ জন নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। পরে তাদের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) উদ্ধার করেছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনতে বিএসএফের সঙ্গে যোগাযোগ করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজির হোসেন।
ইউপি চেয়ারম্যান জানান, সদর উপজেলার বাখরআলী ঘাট থেকে ডিঙি নৌকায় করে জহরপুর ক্যাম্প ও নারায়ণপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এলাকার দিকে ১১ থেকে ১২ জনের একটি দল যাচ্ছিল। পথে পদ্মা নদীতে নৌকাটি ডুবে যায়।
তিনি বলেন, এ সময় একজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। অপর ১০ থেকে ১১ জন স্রোতের টানে ভেসে ভারতীয় সীমান্ত এলাকায় চলে যান। পরে ভারতের খানদোহা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের উদ্ধার করেন। বর্তমানে তারা বিএসএফের হেফাজতে রয়েছেন বলে জানা গেছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় বিএসএফের খানদোহা ক্যাম্পের সদস্যরা ১০ জনকে উদ্ধার করেছেন। তাদের সঙ্গে বিজিবির যোগাযোগ হয়েছে।
তিনি আরও বলেন, উদ্ধার হওয়া ব্যক্তিদের শনিবার রাতের মধ্যেই দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
মতামত দিন