Views Bangladesh Logo

পদ্মায় নৌকাডুবি: সীমান্তে ভেসে যাওয়া ১০ বাংলাদেশিকে উদ্ধার করেছে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের পদ্মা নদীতে নৌকা ডুবে ১০ বাংলাদেশি ভারতীয় সীমান্তে ভেসে যাওয়ার পর তাদের উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। বিজিবি জানিয়েছে, উদ্ধার হওয়া বাংলাদেশিদের রাতের মধ্যেই দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সদর উপজেলার বাখরআলী ঘাট থেকে একটি ডিঙি নৌকায় করে ১১ থেকে ১২ জন জহরপুর ক্যাম্প ও ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দিকে যাচ্ছিলেন। পথে পদ্মা নদীতে নৌকাটি ডুবে যায়। এ সময় একজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। বাকি ১০ থেকে ১১ জন স্রোতে ভেসে ভারতীয় সীমান্ত এলাকায় চলে যান।

পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর খাণ্ডাহা ক্যাম্পের সদস্যরা তাদের উদ্ধার করেন। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে বলে জানা গেছে। তারা বর্তমানে বিএসএফের হেফাজতে রয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান বলেন, পদ্মা নদীতে নৌকা ডুবে যাওয়ার ঘটনায় খাণ্ডাহা ক্যাম্পের বিএসএফ সদস্যরা ১০ জনকে উদ্ধার করেছেন। তাদের সঙ্গে বিজিবির যোগাযোগ হয়েছে। রাতের মধ্যেই উদ্ধার হওয়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ