Views Bangladesh Logo

বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনের খোলপেটুয়া নদীতে নৌবন্ধন

সুন্দরবনে বনদস্যু নির্মূলের এক দফা দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে খোলপেটুয়া নদীতে নৌ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন উপকূলের জেলে-বাওয়ালিরা।

সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টায় শত শত নৌকা নিয়ে এ কর্মসূচিতে অংশ নেন তাঁরা। এতে সংহতি জানিয়ে অংশ নেন স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব ও নাগরিক সমাজের প্রতিনিধিরাও।

বনদস্যু নির্মূল কমিটির প্রধান সমন্বয়ক সালাউদ্দিন লিটনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সোলায়মান কবির, উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু, ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. নুরুজ্জামান, গাবুরা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব খায়রুল ইসলাম মিলন, গাবুরা ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি ইয়াসিন আরাফাত, ইউপি সদস্য জিএম আবিয়ার রহমান, ফরিদা পারভীন, মাস্টার আব্দুর রহিম, খালিদ হোসেন, পারুল আক্তার এবং জেলে বাবলুর রহমান, সবুর আলী, ওমর ফারুক ও সাইফুল ইসলাম।

কর্মসূচিতে জেলে বাবলুর রহমান বলেন, ‘দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম করে যাচ্ছি। কিন্তু এখনো কোনো ফল পাইনি। প্রশাসন নির্বিকার। প্রতিদিন কোনো না কোনো এলাকা থেকে মুক্তিপণের দাবিতে জেলেদের তুলে নিয়ে যাচ্ছে বনদস্যুরা। আমরা আন্দোলনে নামায় ভয় আরও বেড়েছে।’

জেলে সবুর আলী বলেন, ‘সুন্দরবনে নামতে না পেরে দিনের পর দিন না খেয়ে আছি। সুন্দরবনে ঢুকলেই আমাদের তুলে নিয়ে যাবে, এই ভয়ে পরিবার নিয়ে খুব দুর্দিনে আছি। প্রশাসনকে বারবার জানানোর পরও দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে দেখলাম না।’

জেলে ওমর ফারুক বলেন, ‘সরকার বনদস্যু নির্মূল করুক, না পারলে আমাদের অন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে দিক। তা না হলে আমরা খাব কী? দিনের পর দিন পরিবার নিয়ে অনাহারে দিন কাটছে। আমাদের আন্দোলনের ছবি তাদের কাছে পৌঁছে গেছে। ছবি দেখে দেখে আমাদের হুমকি দিচ্ছে। আমরা এখন কী করব, কিছুই বুঝতে পারছি না।’

শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সোলায়মান কবির বলেন, সুন্দরবনের বনদস্যুদের নির্মূলে বন ও পরিবেশমন্ত্রীর সঙ্গে দেখা করে জেলেদের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরবেন।

বনদস্যু নির্মূল কমিটির সমন্বয়ক মো. সালাউদ্দিন লিটন বলেন, ‘আজ আন্দোলনের নবম দিন। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখতে পাইনি। দ্রুত সময়ের মধ্যে প্রশাসন অভিযান শুরু না করলে এর চেয়ে কঠোর আন্দোলন গড়ে তুলব।’

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা শাহিনুর রহমান বলেন, জেলে-বাওয়ালিদের আন্দোলনের সঙ্গে তাঁরা একমত। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বনদস্যুদের বিরুদ্ধে অভিযান চালাতে তাঁরা সব সময় প্রস্তুত। বনদস্যু নির্মূলে কয়েকটি বাহিনী কাজ করছে। তাদের সঙ্গে যৌথ অভিযান পরিচালনার জন্যও তাঁরা প্রস্তুত রয়েছেন।

প্রসঙ্গত, গতকাল রোববারও সুন্দরবনে মাছ শিকারে গিয়ে মুক্তিপণের দাবিতে ১০ জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ