Views Bangladesh Logo

এইচএসসি রসায়ন দ্বিতীয় পত্রের উত্তরপত্র মূল্যায়নে বোর্ডের বিশেষ নির্দেশিকা

এইচএসসি রসায়ন দ্বিতীয় পত্র পরীক্ষায় একাধিক ভুল প্রশ্নের অভিযোগের পরিপ্রেক্ষিতে পরীক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়নে বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ।

এ বিষয়ে রোববার (২৬ জুলাই) বোর্ড সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই নির্দেশিকায় প্রতিটি প্রশ্নের নমুনা উত্তর ও স্পষ্ট নম্বর বণ্টন করে দেওয়া হয়েছে, যাতে মূল্যায়ন ন্যায্য ও সমান হয়। আংশিক সঠিক উত্তরে আংশিক নম্বর দেওয়া হবে। অপ্রাসঙ্গিক বা ভুল উত্তরে কোনো নম্বর পাওয়া যাবে না।

পরীক্ষকদের নির্দেশ দেওয়া হয়েছে, পরীক্ষার্থীরা অর্ধ-বিক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করলে, উপযুক্ত রাসায়নিক সংকেত লিখলে বা নির্দিষ্ট ধারণা সঠিকভাবে ব্যাখ্যা করলে নম্বর দিতে হবে। সৃজনশীল অংশে সর্বোচ্চ চার নম্বরের প্রশ্নগুলো গাণিতিক বিশ্লেষণ ও যৌক্তিক ব্যাখ্যার ভিত্তিতে মূল্যায়ন করা হবে।

গত ২২ জুলাই অনুষ্ঠিত পরীক্ষার পর শিক্ষক ও পরীক্ষার্থীরা প্রশ্নপত্রে বেশ কয়েকটি ভুলের অভিযোগ তোলেন। এতে বিভ্রান্তি সৃষ্টি হয় এবং শিক্ষার্থীরা অপ্রয়োজনীয় চাপের মুখে পড়েন বলে অভিযোগ ওঠে।

বিষয়ভিত্তিক শিক্ষকদের বিশ্লেষণে কয়েকটি অসামঞ্জস্য ধরা পড়ে। প্রশ্ন-১-এ উদ্দীপকে চারটি বিক্রিয়াজাত পদার্থের কথা বলা হলেও কোনটির ওজন ২.৫ গ্রাম তা উল্লেখ না থাকায় জারক পদার্থের ভর নির্ণয় করা সম্ভব ছিল না।

এছাড়া ৫ নম্বর উদ্দীপকে ‘পাত্র-১’ উল্লেখ থাকলেও ‘গ’ ও ‘ঘ’ প্রশ্নে সেটিকে ‘A-পাত্র’ বলা হয়েছে, যা শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্ত তৈরি করে।

প্রশ্ন-৬-এ ২৫০ মিলিলিটার গ্যাস উৎপন্ন করতে মূল যৌগের পরিমাণ জানতে চাওয়া হয়, কিন্তু গ্যাসের তাপমাত্রা বা চাপ উল্লেখ করা হয়নি। একই প্রশ্নের তথ্য অনুসারে কার্বন ডাইঅক্সাইডের সংকোচনযোগ্যতা গুণক (Z) ৪.০ পাওয়া যায়, যা বাস্তব গ্যাসের আচরণ ও তরলীকরণ তত্ত্বের সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেন শিক্ষকরা।

অন্যদিকে, ৮ নম্বর সৃজনশীল প্রশ্নের ‘ঘ’ অংশে ভ্যান ডার ওয়ালস সমীকরণকে আদর্শ গ্যাসের সমীকরণের পরিবর্তিত রূপ হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা বিষয়-সংশ্লিষ্টদের মতে সংজ্ঞাগতভাবে সঠিক নয়। যদিও কয়েকটি পাঠ্যবইয়ে একই ধরনের ব্যাখ্যা রয়েছে।

বহুনির্বাচনী অংশেও ভুলের অভিযোগ উঠেছে। যমুনা (সেট-ঘ) প্রশ্নপত্রের প্রশ্ন-১০-এ সঠিক উত্তর ছিল না বলে দাবি করেন শিক্ষকরা। পাঠ্যবই-সমর্থিত অপশনটি তালিকায় ছিল না।

এর আগে এইচএসসি পদার্থবিজ্ঞান প্রথম পত্রেও অনুরূপ ভুল প্রশ্নের ঘটনা ঘটেছিল। তখন শিক্ষক ও শিক্ষার্থীদের তীব্র সমালোচনার পর শিক্ষা মন্ত্রণালয় দুটি ত্রুটিপূর্ণ প্রশ্নে পূর্ণ নম্বর দেওয়ার ঘোষণা দিয়েছিল।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ