মুরাদনগরে নারীকে ধর্ষণের ঘটনায় বিএনপির বিবৃতি
মুরাদনগরে নারী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ফজর আলীর (৩৮) বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে বিবৃতি দিয়েছে দলটির উপজেলা শাখা। এক যৌথ বিবৃতিতে মুরাদনগর উপজেলা বিএনপি আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন এবং সদস্য সচিব মোল্লা মজিবুল হক বলেন, মুরাদনগর উপজেলা বিএনপি বরাবরই কথিত মিডিয়ার ট্রায়ালের শিকার।
বিবৃতিতে দাবি করা হয় অভিযুক্ত ফজর আলী বিএনপি নয় বরং আওয়ামী লীগের রাজনীতি করত। সাবেক এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুনের সঙ্গে তার সম্পৃক্ততা ছিল এবং ইউসুফ আব্দুল্লাহ হারুনের মিডিয়া উইং বিএনপির বিরুদ্ধে এই অপপ্রচার চালাচ্ছে।
এদিকে স্থানীয়দের দাবি ফজর আলী আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও ৫ আগস্টের পরে বিএনপির রাজনৈতিক কার্যক্রমের সঙ্গে যুক্ত। কুমিল্লার মুরাদনগর উপজেলায় একটি গ্রামে বসতঘরের দরজা ভেঙে এক নারীকে (২৫) ধর্ষণের ঘটনায় মামলা করা হয়।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, ১৫ দিন আগে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে সন্তানদের নিয়ে বেড়াতে আসেন ওই নারী।
বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে ফজর আলী (৩৮) নামের এক ব্যক্তি তার বাবার বাড়ি গিয়ে তাকে ঘরের দরজা খুলতে বলে। এ সময় তিনি দরজা খুলতে অস্বীকৃতি জানালে ওই ব্যক্তি ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে ধর্ষণ করে।
এই ঘটনায় শুক্রবার দুপুরে মুরাদনগর থানায় ওই নারী মামলা করেছেন বলে জানান মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর রহমান।তিনি বলেন, 'আসামিকে ধরতে অভিযান চলছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করা সম্ভব হবে।'
জানা যায়, ঘটনার সময় ফজর আলীকে স্থানীয় লোকজন আটক করে মারধর করেন। পরে তাকে কুমিল্লা শহরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে শনিবার এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপর এ নিয়ে সমালোচনা শুরু হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে