নির্বাচনে বিলম্ব: ড. ইউনূসের কাছে তিন উপদেষ্টার পদত্যাগ চাইলেন ফারুক
বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে আহ্বান জানিয়েছেন, যেন তিনি দুইজন উপদেষ্টা ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে পদত্যাগ করতে বলেন। তিনি অভিযোগ করেন, এই তিনজনই জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা বিলম্বিত করার পেছনে ভূমিকা রাখছেন।
জাতীয় প্রেসক্লাবের সামনে শুক্রবার (২৩ মে) এক প্রতিবাদ সভায় ফারুক বলেন, ‘আমি প্রধান উপদেষ্টার কাছে আহ্বান জানাচ্ছি—এই তিনজনকে চিঠি দিয়ে পদত্যাগ করতে বলুন। তারা এখনো উপদেষ্টা পরিষদে থাকায় নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে।’
তিনি অভিযোগ করেন, সরকার ৯ মাস ক্ষমতায় থেকেও এখনো নির্বাচনের রোডম্যাপ দিতে পারেনি।
‘নির্বাচনের দিনক্ষণ এখনো কেন ঘোষণা করা হয়নি? কার পরামর্শে এই বিলম্ব? এজন্যই আমরা তাদের পদত্যাগ চাই,’—বলেছেন ফারুক।
তিনি হুঁশিয়ারি দেন, ‘সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করার চক্রান্ত করা হলে, তা মেনে নেয়া হবে না। আগামী তিন দিনের মধ্যে নির্বাচনের সময়সূচি ঘোষণা করুন। না হলে আমাদের রাস্তায় নামতে হবে।’
ফারুক অধ্যাপক ইউনূসের সম্ভাব্য পদত্যাগ নিয়ে চলমান গুঞ্জন নিয়েও মন্তব্য করেন।
তিনি বলেন, ‘অধ্যাপক ইউনূস আমাদের ১৮ কোটি মানুষের গর্ব। কিন্তু যদি সত্যি তিনি পদত্যাগ করেন, তা খুবই কষ্টদায়ক হবে। শুনেছি, এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) নেতার সঙ্গে তার কথোপকথনে এমন ইঙ্গিত পাওয়া গেছে।’
তিনি সরকারের ৯ মাসের কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন তোলেন এবং বলেন, ‘দেশজুড়ে অস্থিরতা বাড়ছে।’
‘জনমনে সন্দেহ আর উদ্বেগ বাড়ছে। এই পরিস্থিতির পেছনে কারা? নির্বাচনের সময় পিছিয়ে দেয়ার লাভ কার? আমরা এই প্রশ্নের উত্তর চাই,’—বলেন ফারুক।
তিনি আরও বলেন, ‘অস্থিরতার কারণে যদি ইউনূস সাহেবকে চাপের মুখে পদত্যাগ করতে হয়, তাহলে সেটা হবে দেশের জন্য দুর্ভাগ্যজনক। আপনি একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিন—ইতিহাসে আপনার নাম সম্মানের সঙ্গে লেখা থাকবে।’

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে