Views Bangladesh Logo

বিএনপি জোট ২০৮, জামায়াত জোট পেতে পারে ৪৬ আসন: ইএএসডির জরিপ

 VB  Desk

ভিবি ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (ইএএসডি) প্রকাশিত এক জনমত জরিপে দেখা গেছে, নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট সর্বাধিক আসন পেতে পারে। জরিপ অনুযায়ী, বিএনপি জোট প্রায় ২০৮টি আসনে জয়লাভ করতে পারে, আর জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের সম্ভাব্য আসন সংখ্যা ৪৬টি। এ ছাড়া জাতীয় পার্টি ৩টি, অন্যান্য দল ৪টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ১৭টি আসনে জয়ী হতে পারেন। পাশাপাশি ২২টি আসনে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনার কথাও বলা হয়েছে।

সোমবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনের থ্রিডি সেমিনার হলে এই জরিপের ফলাফল প্রকাশ করা হয়। ইএএসডির দাবি, সাড়ে ৪১ হাজার মানুষের মতামতের ভিত্তিতে করা এই জরিপটি এবারের নির্বাচন উপলক্ষে পরিচালিত সবচেয়ে বড় নমুনার জরিপ।

জরিপের ফলাফল উপস্থাপন করেন ইএএসডির প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম হায়দার তালুকদার। তিনি জানান, দেশের ৩০০টি সংসদীয় আসনেই প্রাইমারি স্যাম্পলিং ইউনিট (পিএসইউ) পদ্ধতিতে জরিপ পরিচালিত হয়েছে। ১৮ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ১৫০ জন প্রশিক্ষণপ্রাপ্ত তথ্যসংগ্রাহক মাঠপর্যায়ে কাজ করেন। ‘কোবো টুলবক্স’ ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ৪১ হাজার ৫০০ জন উত্তরদাতার তথ্য সংগ্রহ করা হয়।

জরিপ অনুযায়ী, রাজনৈতিক পছন্দের ক্ষেত্রে ৬৬ দশমিক ৩ শতাংশ ভোটার বিএনপিকে ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। দ্বিতীয় অবস্থানে থাকা জামায়াতে ইসলামী পেয়েছে ১১ দশমিক ৯ শতাংশ সমর্থন। জাতীয় পার্টির সমর্থন ৪ শতাংশ, স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে ২ দশমিক ৬ শতাংশ এবং এনসিপির ক্ষেত্রে ১ দশমিক ৭ শতাংশ।

নারী ভোটারদের মধ্যে বিএনপির সমর্থন তুলনামূলক বেশি—৭১ দশমিক ১ শতাংশ নারী ভোটার বিএনপিকে সমর্থন জানিয়েছেন। অঞ্চলভিত্তিক হিসাবে চট্টগ্রাম (৭৬ দশমিক ৮ শতাংশ) ও সিলেটে (৭৫ দশমিক ৬ শতাংশ) বিএনপি জোটের শক্ত অবস্থান দেখা গেছে। অন্যদিকে বরিশাল ও খুলনায় জামায়াত জোটের উপস্থিতি তুলনামূলকভাবে বেশি লক্ষ্য করা গেছে।

জরিপে আরও উঠে এসেছে, আগে আওয়ামী লীগকে ভোট দেওয়া ভোটারদের বড় একটি অংশ এবার পরিবর্তনের পক্ষে। শামীম হায়দার তালুকদার জানান, আওয়ামী লীগের সাবেক ভোটারদের মধ্যে ৮০ শতাংশ বিএনপিকে ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন, ১৫ শতাংশ জামায়াতে ইসলামীকে এবং বাকি ৫ শতাংশ অন্যান্য দলকে সমর্থনের কথা জানিয়েছেন।

জরিপে অংশ নেওয়া ৬৬ দশমিক ৪ শতাংশ উত্তরদাতা মনে করেন, আসন্ন নির্বাচনের পর বিএনপি জোট সরকার গঠন করতে সক্ষম হবে। একই সঙ্গে ৬৮ শতাংশ উত্তরদাতা পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে সমর্থন জানিয়েছেন। জামায়াতের আমির শফিকুর রহমানের পক্ষে মত দিয়েছেন ১৪ শতাংশ এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের পক্ষে মত দিয়েছেন ২ শতাংশ উত্তরদাতা। এ বিষয়ে মত প্রকাশে অনিচ্ছুক ছিলেন ১৬ শতাংশ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইএএসডির উপদেষ্টা কাজী সাইফউদ্দীন বেননূর। ফলাফল উপস্থাপনের পর আয়োজিত প্যানেল আলোচনায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশ্লেষকরা অংশ নেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ