রাজবাড়ী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত প্যানেলের জয়
রাজবাড়ী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত সম্মিলিত জেলা আইনজীবী ঐক্য পরিষদ নিরঙ্কুশ বিজয় পেয়েছে। ১১টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৯টি পদে এই প্যানেলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বাকি দুটি পদে— সহসম্পাদক ও একটি সদস্যপদে— আওয়ামী লীগ সমর্থিত জেলা আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীরা জয় পেয়েছেন।
মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আইনজীবী সমিতির মূল ভবনের তৃতীয় তলায় উৎসবমুখর পরিবেশে বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ২১৩ জন ভোটারের মধ্যে ২১০ জন ভোট দেন। ভোট গণনা শেষে রাত সাড়ে আটটার দিকে প্রধান নির্বাচন কমিশনার ও জ্যেষ্ঠ আইনজীবী অশোক কুমার সাহা ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফলে দেখা যায়, 'বারী-রাজ্জাক-রিপন' পরিষদের কাজী আব্দুল বারী ওরফে কুটিন ১২০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। সহসভাপতি পদে আব্দুল হাকিম খান রিপন ১২৭ ভোট এবং সম্পাদক পদে মো. আব্দুর রাজ্জাক ১৩৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
এ ছাড়া সহসম্পাদক পদে মোহাম্মদ নজরুল ইসলাম বাবু ১১৯ ভোট এবং ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে এম এম শাহিয়ার জামান রাজীব ১০৬ ভোট পেয়ে নির্বাচিত হন। সদস্যপদে বিজয়ী হয়েছেন আব্দুল্লাহ আল আমান (১৫৫ ভোট), মো. ওলিউল্লাহ শিকদার চঞ্চল (১৩৪), মো. মোশারফ হোসেন (১২১) ও মো. হান্নান আহমেদ (১১২)।
অন্যদিকে আওয়ামী লীগ সমর্থিত 'মোস্তফা-রফিক-বিপ্লব' পরিষদ থেকে সহসম্পাদক পদে মো. আরব আলী ১০৮ ভোট এবং সদস্যপদে মো. শরিফুল ইসলাম ১১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
নির্বাচন কমিশনার হিসেবে আরও দায়িত্ব পালন করেন মারুফ-উল হাসান শামীম ও মুহাম্মদ ওবায়দুর রহমান।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে