Views Bangladesh Logo

পঞ্চগড়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের রমজানপাড়া এলাকায় এ সংঘর্ষ ঘটে।

বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, ওই এলাকায় শাপলাকলি প্রতীকের শোডাউন চলাকালে সড়কের ওপর টানানো বিএনপির প্রার্থী ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমিরের ধানের শীষ প্রতীকের নির্বাচনী ব্যানার ছিঁড়ে ফেলে জামায়াতের নেতাকর্মীরা। এ নিয়ে প্রতিবাদ জানাতে গেলে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা এবং পরে হাতাহাতি ও সংঘর্ষ হয়।

এ ঘটনায় ধামোর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল ইসলামসহ বিএনপির কয়েকজন নেতাকর্মী আহত হন। আহতদের মধ্যে চারজনকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে ১১ দলীয় জোট তথা জামায়াতের নেতাকর্মীদের অভিযোগ, আটোয়ারী উপজেলায় জনসভা ও শোডাউন শেষে ফেরার পথে বিএনপির নেতাকর্মীরা সড়কে গাছের গুঁড়ি ফেলে তাদের গতিরোধ করে হামলা চালায়। এতে একজন নারীসহ বেশ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে দুজনকে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

সংঘর্ষের পর ঘটনাস্থলে যান ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী সারজিস আলম। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

অন্যদিকে গভীর রাতে পঞ্চগড় সদর হাসপাতালে আহত বিএনপি নেতাকর্মীদের দেখতে যান ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির। এ সময় তিনি বলেন, নেতাকর্মীদের ওপর হামলা কখনোই কাম্য নয়। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং উভয় পক্ষের আহতরা চিকিৎসা নিচ্ছেন। এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ