Views Bangladesh Logo

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের পাল্টাপাল্টি হামলা, আহত ৪

বরগুনার পাথরঘাটায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার কামারের হাট এলাকায় এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত চারজন আহত হয়েছেন।

আহতরা হলেন—কাঁঠালতলি ইউনিয়নের কালীপুর এলাকার সুলতান আকনের ছেলে ও বিএনপি নেতা টিপু (৩৬), সফিজ উদ্দিনের ছেলে ও জামায়াতের রোকন মোস্তাফিজুর রহমান (৪০), আবুল কাশেমের ছেলে ও জামায়াত কর্মী জসিম উদ্দিন (৪০) এবং জামায়াত নেতা জালাল হোসেন (৬০)।

জামায়াতের আহত ব্যক্তিদের অভিযোগ, বরগুনা-২ (বেতাগী-বামনা-পাথরঘাটা) আসনে বিএনপির প্রার্থী নুরুল ইসলাম মনির ভাতিজা সোলায়মান সাদিকের নেতৃত্বে একদল লোক একই আসনের জামায়াত প্রার্থী সুলতান আহমেদের কর্মীদের ওপর হামলা চালায়। এতে জসিম উদ্দিন গুরুতর আহত হন। তাঁকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) পাঠানো হয়েছে। অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে বিএনপি নেতা টিপুর পরিবারের দাবি, জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা টিপুর বাড়িতে গিয়ে হামলা চালান। এ সময় বাশার মোল্লা, নজরুল, তুষার ও নোমানসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। হামলায় টিপুর একটি পা ভেঙে গেছে বলে পরিবারের অভিযোগ। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা জানান, নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাজ করছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ