Views Bangladesh Logo

চীনের পাশাপাশি ভারত-যুক্তরাষ্ট্রের সঙ্গেও সম্পর্ক চায় বিএনপি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চীনের সঙ্গে ভূরাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বিএনপি। একই সঙ্গে ভারত ও যুক্তরাষ্ট্রের সঙ্গেও অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক বজায় রাখতে আগ্রহী দলটি।

শনিবার (১৮ জুলাই) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন আয়োজিত ‘লং লিভ বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

মির্জা ফখরুল বলেন, চীন শুধু আওয়ামী লীগের সঙ্গে নয়, বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও সম্পর্ক বজায় রেখেছে। বিএনপি চীনের সঙ্গে যেমন ভূরাজনৈতিক স্বার্থের জায়গা থেকে সম্পর্ক রাখতে চায়, তেমনি ভারত ও যুক্তরাষ্ট্রের সঙ্গেও অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক ধরে রাখতে চায়।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরের মাধ্যমে দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে। বিএনপি চীনের সঙ্গে ভূরাজনৈতিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা আরও সম্প্রসারণ করতে চায়।

বিএনপির মহাসচিব জানান, চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বিএনপির দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। আওয়ামী লীগের শাসনামলে রাজনৈতিক সংকটের সময়ও দুই দলের মধ্যে যোগাযোগ অব্যাহত ছিল।

তিনি আরও বলেন, বাংলাদেশের তরুণদের কারিগরি শিক্ষা, প্রযুক্তি, অবকাঠামো উন্নয়ন, সৌর ও সবুজ জ্বালানি খাতে চীনের সহযোগিতা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি ও বাণিজ্যিক সম্পর্ক আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশে ভবিষ্যতে চীনের উচ্চগতির (হাইস্পিড) ট্রেন প্রযুক্তি চালুর বিষয়ে তারা আগ্রহী। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটকে এ নেটওয়ার্কের আওতায় আনার সম্ভাবনাও রয়েছে বলে জানান তিনি।

রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতেও বাংলাদেশকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়ে ইয়াও ওয়েন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হয়েছে।

অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাতসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন। বক্তারা বাংলাদেশ-চীন সম্পর্ককে পারস্পরিক আস্থা, উন্নয়ন সহযোগিতা ও দীর্ঘদিনের বন্ধুত্বের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ