Views Bangladesh Logo

তত্ত্বাবধায়ক সরকারসহ আরও দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিধানসহ সংবিধানের আরও দুটি অনুচ্ছেদ সংশোধনের ক্ষেত্রে গণভোটের বিধান রাখার প্রস্তাব দিয়েছিল বিএনপি। ভবিষ্যতে কোনো সংসদ যাতে এসব বিধান সংশোধন করতে না পারে, সে জন্য সংশ্লিষ্ট অনুচ্ছেদগুলো গণভোটের আওতায় আনার প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটির তৃতীয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সভায় দেশের জাতীয় দৈনিকগুলোর সম্পাদক, বিভিন্ন সাংবাদিক ফোরামের প্রতিনিধি ও বিশিষ্ট সাংবাদিকেরা অংশ নেন। সংবিধান সংশোধনের বিভিন্ন বিষয় নিয়ে তাদের মতামত ও প্রস্তাব নেওয়া হয়। অংশগ্রহণকারীদের অনেকেই তাদের মতামত লিখিতভাবে দেওয়ার কথা জানিয়েছেন বলে জানান কমিটির সভাপতি।

সালাহউদ্দিন আহমদ বলেন, মতবিনিময় সভায় সংবিধানের প্রস্তাবনা থেকে শুরু করে বিভিন্ন অনুচ্ছেদ ও তফসিল নিয়ে সাংবাদিকেরা মতামত দিয়েছেন। তাদের লিখিত প্রস্তাবও দিতে বলা হয়েছে। এসব মতামত বিশেষ কমিটিতে আলোচনা করে চূড়ান্ত প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হবে।

বিরোধী দলের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, বিএনপিসহ বিরোধী দলগুলোর প্রতি কমিটির পক্ষ থেকে বারবার আহ্বান জানানো হয়েছে। তারা যখনই কমিটিতে যোগ দেবেন, তাদের স্বাগত জানানো হবে। আলোচনায় তাদের বক্তব্য বিবেচনা করে গ্রহণযোগ্য বিষয়গুলো সবার মতামতের ভিত্তিতে নেওয়া হবে বলেও জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের মধ্যে পক্ষ থাকা উচিত, বিভক্তি নয়। জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেভাবেই তা বাস্তবায়ন করা হবে। এর বাইরে যেসব বিষয় আলোচনায় আসেনি বা বাদ পড়েছে, সেগুলোও ঐকমত্যের ভিত্তিতে গ্রহণের চেষ্টা করা হবে।

জুলাই জাতীয় সনদ ও বিএনপির নির্বাচনী ইশতেহারের মধ্যে কোনটিকে অগ্রাধিকার দেওয়া হবে—এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, অগ্রাধিকার হচ্ছে জুলাই জাতীয় সনদ। তবে নির্বাচনী ইশতেহারে উল্লেখ করা যেসব বিষয়ে ম্যান্ডেট পাওয়া গেছে, সেগুলোও সংশোধন প্রক্রিয়ায় ধারণ করা হবে।

গণভোটের বিষয়ে তিনি বলেন, সংবিধানের নির্দিষ্ট কিছু অনুচ্ছেদ সংশোধনের ক্ষেত্রে গণভোটের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। বিএনপির পক্ষ থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিধানসহ আরও দুটি অনুচ্ছেদকে গণভোটের আওতায় আনার প্রস্তাব দেওয়া হয়েছিল। এর উদ্দেশ্য হলো, ভবিষ্যতে কোনো সংসদ এসব বিধান পরিবর্তন করতে চাইলে যেন জনগণের অনুমোদন নিতে হয়।

তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নিয়ে যেহেতু ঐকমত্য হয়েছে, সেটি সংবিধানে রাখা হবে। ভবিষ্যতে কোনো সংসদ সংশোধনের মাধ্যমে এই ব্যবস্থা পরিবর্তন করতে চাইলে গণভোটে যাওয়ার বিধান রাখার প্রস্তাবের সঙ্গে আরও দুটি অনুচ্ছেদ যুক্ত করার বিষয়ে একমত হওয়া হয়েছিল। এই প্রস্তাবটি বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছিল বলে জানান তিনি।

সালাহউদ্দিন আহমদ আরও জানান, সংবিধান সংশোধনী বিল সংসদে পাস হওয়ার পর যেসব অনুচ্ছেদের ক্ষেত্রে গণভোটের প্রয়োজন হবে, রাষ্ট্রপতির স্বাক্ষরের আগে সেসব বিষয়ে গণভোট অনুষ্ঠিত হবে।

বিশেষ কমিটির প্রতিবেদন তৈরির সময়সীমা সম্পর্কে তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে প্রতিবেদনটি জাতীয় সংসদে উপস্থাপনের জন্য তারা জোর প্রচেষ্টা চালাচ্ছেন। প্রতিবেদনটির ভিত্তিতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিল আনা হবে। বছরের প্রথম অধিবেশন হিসেবে জানুয়ারির অধিবেশনেই বিলটি সংসদে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ