বিজয় দিবসে কনসার্ট আয়োজন করবে বিএনপি
আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস সর্বজনীনভাবে উদযাপনের জন্য কনসার্ট আয়োজন করবে ‘সবার আগে বাংলাদেশ’ নামের একটি সংগঠন।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে রাজধানীর গুলশান এভিনিউয়ের উদয় টাওয়ারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির আহ্বায়ক ও বিএনপি’র যুগ্ম-মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, বিজয় দিবসে আমরা নতুন প্রত্যাশা নিয়ে, নতুনভাবে বাংলাদেশের জনগণ ও নতুন প্রজন্মের কাছে হাজির হব।
আগামী ১৬ ডিসেম্বর বিকেল ৩টা থেকে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে এই কনসার্ট অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, গত ১৫ থেকে ১৬ বছর বাংলাদেশের মানুষ বিজয় দিবস উদযাপন করতে পারেনি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নানা অত্যাচার, অনাচারের মুখে পড়তে হয়েছে। তাই জাতিকে একত্রিত করার মধ্য দিয়ে এবারের বিজয় দিবস পালনের উদ্যোগ নেয়া হয়েছে।
এসময় পাকিস্তানকে বিদায় করার উদ্দেশ্য ভারতের গোলামী করার জন্য নয়— উল্লেখ করে ‘সবার আগে বাংলাদেশ’-এর আহ্বায়ক বলেন, এসব দেশের সংস্কৃতিকে বিদায় জানাতে হবে। ভিনদেশি সংস্কৃতি বিদায় করতেই ‘সবার আগে বাংলাদেশ’ সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। পালিয়ে যাওয়া পক্ষ ভিনদেশের সঙ্গে যুক্ত হয়ে যে ষড়যন্ত্র করছে, তা রুখতে সংগঠনটি কাজ করবে।
বিএনপি’র যুগ্ম-মহাসচিব আরও বলেন, আমরা মহান বিজয় দিবসে কনসার্ট উদযাপন করব সর্বজনীনভাবে। ‘সবার আগে বাংলাদেশ’ একটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। আমরা দেশীয় কৃষ্টি ও সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে দেশের তরুণ, ছাত্র, যুবশক্তিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি।
শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি ধরে রাখতে হবে। বাংলাদেশ স্বাধীন হয়েছে দিল্লির আনুগত্য করার জন্য নয়। আমরা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি তুলে ধরতে চাই।
তিনি জানান, বিজয় দিবসের কনসার্টে দেশের বাইরে থেকে কোনো শিল্পী আনা হবে না। দেশের খ্যাতিমান সংগীতশিল্পীদের নিয়েই মহান বিজয় দিবস উদযাপন করা হবে।
সংবাদ সম্মেলনে ‘সবার আগে বাংলাদেশ’ সংগঠনটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন— বিএনপি’র কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, বিএনপি’র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানি, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন— বিএনপি মিডিয়া সেলের সদস্য সাংবাদিক আতিকুর রহমান রুমন, সাংবাদিক জাহিদুল ইসলাম রনি ও সাংবাদিক এহসান মাহমুদ প্রমুখ।
‘সবার আগে বাংলাদেশ’ আয়োজিত কনসার্টে এককভাবে গাইবেন— বিশিষ্ট সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী, খুরশিদ আলম, কনকচাঁপা, বেবী নাজনীন, মনির খান, কণা, ইমরান, প্রীতম, মৌসুমী ও জেফার।
এছাড়া ব্যান্ড দল— নগরবাউল, ডিফারেন্ট টাচ, আর্ক, সোলস, শিরোনামহীন, আর্টসেল, অ্যাভয়েড রাফা ও সোনার বাংলা সার্কাস সংগীত পরিবেশন করবে।
প্রসঙ্গত, ‘সবার আগে বাংলাদেশ’ নামের সংগঠনটি আজ আত্মপ্রকাশ করেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে