নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসবে বিএনপি
জাতীয় নির্বাচনের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করতে এবং নিজেদের অবস্থান জানাতে শিগগিরই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
সোমবার (৭ এপ্রিল) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে অংশ নেয়া নেতারা মনে করছেন, তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন বিষয়ক বক্তব্যে স্বচ্ছতার অভাব রয়েছে, যা ইচ্ছাকৃতভাবে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের জন্য আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছে বলে নিশ্চিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিঙ্গাপুর থেকে ফিরে আসার পর এই বৈঠক হওয়ার কথা রয়েছে।
ফখরুল চিকিৎসার জন্য গত রবিবার সিঙ্গাপুর যান এবং প্রায় এক সপ্তাহের মধ্যে তিনি ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে।
দলটির মতে, সরকার নির্বাচন সংক্রান্ত সব জরুরি সংস্কার অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করতে পারে। পরবর্তীতে নির্বাচিত সংসদ রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আরও পরিবর্তন আনতে পারবে।
বৈঠক সূত্রে জানা গেছে, প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনার পর বিএনপি নির্বাচনী রোডম্যাপ নিয়ে পরবর্তী পদক্ষেপ ঠিক করবে। যার মধ্যে একটি বা দুটি রাজনৈতিক কর্মসূচি থাকতে পারে।
সূত্র আরও জানায়, এছাড়া আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উদযাপনের পরিকল্পনা করেছে স্থায়ী কমিটি। নববর্ষকে ঘিরে ঢাকাসহ বিভিন্ন শহর ও জেলায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে জাতীয় সংস্কৃতি তুলে ধরা হবে।
এ ছাড়াও বৈঠকে ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলের বর্বরতা ও গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে একটি প্রস্তাবও গ্রহণ করা হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে