তারেক রহমানের শপথে মোদিকে আমন্ত্রণ জানাবে বিএনপি : ডব্লিউআইওএন
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলে সেই অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী কে আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন দলটির একজন শীর্ষ নেতা।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম ডব্লিউআইওএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেন বিএনপি চেয়ারম্যানের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
হুমায়ুন কবির বলেন, সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ের পর দুই দেশের সম্পর্ককে নতুন মাত্রায় নিতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি উল্লেখ করেন, দক্ষিণ এশিয়া তারেক রহমানের পররাষ্ট্রনীতির অন্যতম অগ্রাধিকার, এবং অঞ্চলটিকে আরও প্রভাবশালী করে তুলতে কাজ করতে চায় দলটি।
তিনি আরও জানান, সময় স্বল্পতা সত্ত্বেও শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পাঠানোর বিষয়টি ইতিবাচক বার্তা দেবে। এর মাধ্যমে বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন তিনি। নতুন সরকার আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে ভারসাম্যপূর্ণ নীতি অনুসরণ করবে বলেও সাক্ষাৎকারে উল্লেখ করেন হুমায়ুন কবির।
এছাড়া তিনি বলেন, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) এবং বঙ্গোপসাগরীয় বহুমুখী কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা উদ্যোগ (বিমসটেক)–এর মতো আঞ্চলিক প্ল্যাটফর্মগুলোকে কার্যকরভাবে কাজে লাগাতে চায় নতুন সরকার।
উল্লেখ্য, নির্বাচনে জয়ের পর নরেন্দ্র মোদি তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানান এবং একটি গণতান্ত্রিক ও প্রগতিশীল বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে