Views Bangladesh Logo

১৯ বছর পর গোপালগঞ্জে বিএনপির জনসভা সোমবার

 VB  Desk

ভিবি ডেস্ক

দীর্ঘ ১৯ বছর পর গোপালগঞ্জে জনসভা করতে যাচ্ছে বিএনপি। সোমবারের (২৪ ফেব্রুয়ারি) জনসভা সফলে সব প্রস্তুতি শেষ করে অপেক্ষায় নেতাকর্মীরা।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলার উন্নতি এবং জাতীয় নির্বাচনের রূপরেখা ঘোষণাসহ নানা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের পৌর পার্ক মাঠে এই জনসভার আয়োজন করবে জেলা বিএনপি।

জনসভাস্থলের চারপাশে সড়কে সড়কে তোরণ নির্মিত হয়েছে। রাস্তাগুলোর দুপাশ ছেয়ে গেছে ব্যানার ও ফেস্টুনে।

জনসভায় বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন প্রধান অতিথি এবং প্রধান বক্তা থাকছেন সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদ। বিশেষ অতিথি থাকবেন দুই যুগ্ম সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) সেলিমুজ্জামান ও খন্দকার মাশুকুর রহমান, যুগ্ম আইন সম্পাদক জয়নুল আবেদীন এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইফুল ইসলাম। সভাপতিত্ব করবেন জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান।

সমাবেশ সফল এবং ৩০ থেকে ৪০ হাজার নেতাকর্মীর উপস্থিতি নিশ্চিতে প্রস্তুতিমূলক সভা, প্রচারণা ও লিফলেট বিতরণ করছে জেলা বিএনপি এবং যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠন।

দলীয় সূত্র জানায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সর্বশেষ ২০০৪ সালে গোপালগঞ্জ শহরের শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে ফরিদপুর বিভাগীয় ইউনিয়ন সভা করেছিলেন, যা পরে জনসভায় রূপান্তরিত হয়।

সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহীদুল ইসলাম বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে খোলামেলাভাবে কাজ করতে পারছি না। জনসভা ঘিরে নেতাকর্মীদের মাঝে এখন উৎসবমুখর পরিবেশ’।

জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান বলেন, ‘গত ১৫ বছর ধরে আওয়ামী লীগ সরকারের মিত্ররা গোপালগঞ্জে বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্বাধীনভাবে কোনো কর্মসূচি করতে দেয়নি। তাদের পতনে আর কোনো ভয় নেই। আমরা জনসভা সফলে সব ধরনে প্রস্তুতি নিয়েছি। ভেন্যু সাজানোর কাজ চলছে। রাস্তায় রাস্তায় কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানিয়ে তোরণও করা হয়েছে’।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ