নবীন-প্রবীণ সমন্বয়ে মাঝারি আকারের মন্ত্রিসভা হচ্ছে
সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামীকাল মঙ্গলবার নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। সংশ্লিষ্ট প্রশাসনিক ও দলীয় সূত্র জানিয়েছে, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রথম মন্ত্রিসভার সদস্যসংখ্যা ৪০-এর কাছাকাছি হতে পারে।
দলীয় নবীন-প্রবীণদের সমন্বয়ের পাশাপাশি জোটসঙ্গী দল ও টেকনোক্র্যাটদেরও অন্তর্ভুক্ত করা হতে পারে বলে জানা গেছে। বর্তমানে সরকারের মন্ত্রণালয় ও বিভাগ রয়েছে ৪৩টি। সে অনুযায়ী ৪০ থেকে ৪২ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর শপথের প্রস্তুতি রাখা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন নবনির্বাচিত সদস্যদের শপথ পড়াবেন। এরপর সংসদীয় দলের নেতা নির্বাচন করা হবে। সেই নেতা রাষ্ট্রপতির কাছে সংখ্যাগরিষ্ঠতার সমর্থন জানালে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন। পরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে।
জুলাই অভ্যুত্থানের পর গঠিত জনপ্রশাসন সংস্কার কমিশন নির্বাচিত সরকারের জন্য সর্বোচ্চ ২৩ জন মন্ত্রী ও ১২ জন প্রতিমন্ত্রীর সুপারিশ করে। পাশাপাশি মন্ত্রণালয়ের সংখ্যা ৪৩ থেকে কমিয়ে ২৫-এ নামানোর প্রস্তাব দেয়। তবে বাস্তবে মন্ত্রিসভার আকার কিছুটা বড় হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সর্বশেষ দ্বাদশ সংসদে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রীসহ মোট ৩৭ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী ছিলেন। ২০১৮ সালের একাদশ সংসদে সদস্যসংখ্যা ছিল ৪৭ জন।
২০০৯ সালে শেখ হাসিনার নেতৃত্বে গঠিত মন্ত্রিসভার সদস্যসংখ্যা শুরুতে ছিল ৩২ জন, পরে তা বেড়ে ৬২ জনে দাঁড়ায়। ২০০১ সালে খালেদা জিয়ার নেতৃত্বাধীন মন্ত্রিসভায় সদস্য ছিলেন ৬০ জন।
মন্ত্রিসভায় যুক্ত হওয়ার আলোচনায় আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাহউদ্দিন আহমেদ, খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, ডা. এ জেড এম জাহিদ হোসেন প্রমুখ। জোটসঙ্গীদের মধ্যে আন্দালিব রহমান পার্থ, জোনায়েদ সাকি ও নুরুল হক নুরের নামও শোনা যাচ্ছে। তবে কারও নাম আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
শপথ অনুষ্ঠানে ভারত, চীন, পাকিস্তানসহ ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে। ভারতের প্রতিনিধিত্ব করবেন লোকসভার স্পিকার ওম বিড়লা। এছাড়া সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনাই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটানের প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।
জাতীয় সংসদ ভবনে শপথ ও অধিবেশনের প্রস্তুতি চলছে। পাশাপাশি নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সদস্যরা শপথের পর সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এ উপলক্ষে স্মৃতিসৌধ এলাকায় সাময়িকভাবে সর্বসাধারণের প্রবেশ সীমিত করা হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে