স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি একক প্রার্থী সুনিশ্চিত করবে: ভূমিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী থাকবে না। দলীয় সমন্বয়ের মাধ্যমে প্রতিটি নির্বাচনি এলাকায় একজন করে প্রার্থী চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মিজানুর রহমান মিনু বলেন, বিএনপি দেশের একটি বড় রাজনৈতিক দল। ফলে নির্বাচনে দলের একাধিক নেতা প্রার্থী হতে আগ্রহী হওয়াটা স্বাভাবিক। তবে দলীয়ভাবে আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে শেষ পর্যন্ত একজনকে প্রার্থী হিসেবে বেছে নেওয়া হবে। স্থানীয় সরকার নির্বাচনে দেশের প্রতিটি এলাকায় বিএনপির একক প্রার্থী নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।
এর আগে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির সূচনা করা হয়। পরে বেলুন ও ফেস্টুন উড়ানোর পাশাপাশি পায়রা অবমুক্ত করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পরে রাজশাহী মহানগরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। বাটার মোড় থেকে শুরু হওয়া র্যালিটি মালোপাড়া মণিচত্বর ও জিরোপয়েন্ট হয়ে আলুপট্টি মোড়ে গিয়ে শেষ হয়। এতে মহানগর ও জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মাহমুদা হাবিবা, মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচিও পালন করে রাজশাহী মহানগর বিএনপি।
মতামত দিন