Views Bangladesh Logo

নরেন্দ্র মোদির অভিনন্দনের জবাবে বিএনপির ধন্যবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের প্রধানমন্ত্রীর এই উষ্ণ অভিনন্দন বার্তার জন্য তাকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে এক সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষ থেকে এই কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে নরেন্দ্র মোদি লেখেন, “বাংলাদেশের সংসদীয় নির্বাচনে বিএনপিকে এক বড় বিজয়ে নেতৃত্ব দেয়ার জন্য আমি তারেক রহমানকে আমার উষ্ণ অভিনন্দন জানাই।”

মোদি আরও উল্লেখ করেন যে, এই জয় তারেক রহমানের নেতৃত্বের ওপর বাংলাদেশের জনগণের গভীর আস্থারই প্রতিফলন। তিনি ভারতকে ‘গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি সমর্থন’ অব্যাহত রাখার আশ্বাস দিয়ে বলেন, “আমাদের বহুমুখী সম্পর্ক জোরদার করতে এবং আমাদের সাধারণ উন্নয়ন লক্ষ্যগুলোকে এগিয়ে নিতে আপনার সাথে কাজ করার জন্য আমি উন্মুখ।”

ভারতের প্রধানমন্ত্রীর এই বার্তার পরিপ্রেক্ষিতে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেন, “আমরাও আমাদের দলের পক্ষ থেকে তাকে (নরেন্দ্র মোদি) ধন্যবাদ জানাই। আমরা বিশ্বাস করি, আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে দুই দেশের সম্পর্ক এবং দুই দেশের জনগণের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।”

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ভারতের প্রধানমন্ত্রীর এই দ্রুত অভিনন্দন বার্তা নতুন সরকারের সঙ্গে দিল্লির আগামী দিনের ঘনিষ্ঠ কূটনৈতিক সম্পর্কেরই ইঙ্গিত দিচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ